WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী সন্ত্রাস-সহ একাধিক অভিযোগে বুধবার গ্রেফতার করা হয়েছে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের প্রাক্তন ২ নম্বর বরো চেয়ারম্যান তথা ২০ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর রমাপ্রসাদ হালদার-কে। তাঁকে গ্রেফতারের পর আদালতে পেশ করা হলে আদালত চত্বরে উপস্থিত বিজেপি সমর্থক ও স্থানীয় বাসিন্দাদের একাংশ ক্ষোভে ফেটে পড়েন। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের উপর অত্যাচার চালানোর অভিযোগ থাকা সত্ত্বেও পুলিশ ধৃত নেতার প্রতি অতিরিক্ত সহানুভূতি দেখাচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের দিন এবং তারপরে বিজেপি কর্মী সমর্থকদের উপরে হামলা, বিরোধী সমর্থকদের হুমকি দেওয়া, জোরপূর্বক প্রভাব খাটানো এবং তোলাবাজির মতো অভিযোগ উঠেছে রমাপ্রসাদের বিরুদ্ধে। সেই সব অভিযোগের তদন্তে নেমে পুলিশ বুধবার তাঁকে গ্রেফতার করে। 

ধৃতকে আদালতে নিয়ে আসা হলে আদালত চত্বরে জড়ো হওয়া বিজেপি সমর্থকদের একাংশ হাতে জুতো নিয়ে তীব্র প্রতিবাদ জানান। চোর চোর স্লোগান দিতে থাকেন। তাঁদের দাবি, বছরের পর বছর ধরে এলাকার বহু মানুষ তাঁর বিরুদ্ধে মুখ খুলতে ভয় পেতেন। অনেকেই রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন। ফলে শুধু গ্রেফতার করলেই হবে না, অভিযোগগুলির নিরপেক্ষ তদন্ত করে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী কোনও রকমে ধৃতকে নিয়ে আদালতের ভিতরে ঢুকে যায়।

বিক্ষোভকারীদের অভিযোগ, সাধারণ অভিযুক্তদের ক্ষেত্রে পুলিশ যে ধরনের কড়া পদক্ষেপ গ্রহণ করে, এখানে তার কোনও প্রতিফলন দেখা যায়নি। এক বিজেপি সমর্থক বলেন, “যাঁর বিরুদ্ধে এত মানুষের অভিযোগ, তাঁকে পুলিশ জামাই আদর করে আদালতে নিয়ে এসেছে। কোমরে দড়ি বেঁধে নিয়ে যাওয়া উচিত ছিল।” অন্যদিকে, তৃণমূলের একাংশের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবেই এই ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। তাঁদের মতে, অভিযোগের সত্যতা আদালত ও তদন্তেই প্রমাণিত হবে। শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার ভিত্তিতে কাউকে দোষী সাব্যস্ত করা উচিত নয়।