দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরে সিভিল সার্ভিস পরীক্ষার্থীদের জন্য বড় উদ্যোগ নিতে চলেছে আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদ (এডিডিএ)। এমএএমসি গেস্টহাউসে ইউপিএসসি কোচিং সেন্টার চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। কলকাতার আদলে দুর্গাপুরেও গড়ে উঠবে সরকারি প্রশিক্ষণ কেন্দ্র, যেখানে সিভিল সার্ভিস পরীক্ষার্থীরা নিয়মিত কোচিংয়ের সুযোগ পাবেন। বৃহস্পতিবার প্রশিক্ষণ কেন্দ্রের পরিকাঠামো নির্মাণের কাজের সূচনা হল। সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন একটি বেসরকারি কারখানা কর্তৃপক্ষ। এদিন সেখানে একটি বৃদ্ধাবাস নির্মাণের উদ্যোগও শুরু হয়েছে।
কিছুদিন আগে গেস্টহাউস পরিদর্শন করেন রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি তথা রাজ্য সরকার পরিচালিত সত্যেন্দ্রনাথ টেগোর সিভিল সার্ভিসেস স্টাডি সেন্টার-এর চেয়ারম্যান সুরজিৎ কর পুরকায়স্থ, প্রাক্তন মুখ্য সচিব ও মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী প্রদীপ মজুমদার, জেলাশাসক পন্নমবলম এস, এডিডিএ চেয়ারম্যান কবি দত্ত, সিইও অদিতি চৌধুরী প্রমুখ। তখনই জানা গিয়েছিল, এখানে ইউপিএসসি কোচিং সেন্টার খোলার পরিকল্পনার কথা। জানা গিয়েছে, দুর্গাপুরের এই কেন্দ্রটি কলকাতার ওই স্টাডি সেন্টারের শাখা হিসেবেই কাজ করবে।
(BCREC & Group of institutions। পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
সরকারি উদ্যোগে পরিচালিত এই কোচিং সেন্টারে শুধু দুর্গাপুর নয়, আশপাশের বিভিন্ন জেলা থেকেও পড়ুয়ারা এসে প্রশিক্ষণ নিতে পারবেন। তাঁদের থাকার জন্য হস্টেল তৈরির পরিকল্পনাও রয়েছে। পরিকাঠামো নির্মাণের কাজ শেষ হলে সরকারি ছাড়পত্র ও প্রয়োজনীয় অনুমোদন মিললেই আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষণ শুরু হবে। এডিডিএ চেয়ারম্যান কবি দত্ত বলেন, “ইউপিএসসি কোচিং সেন্টার চালু হলে এই এলাকা থেকেও আইএএস, আইপিএস তৈরি হওয়ার সুযোগ অনেকটাই বাড়বে। বহু ছাত্রছাত্রী উপকৃত হবে।” দুর্গাপুরে এই উদ্যোগ বাস্তবায়িত হলে শিল্পাঞ্চল দুর্গাপুর শিক্ষাক্ষেত্রে আরও একটি নতুন পরিচয় পাবে— এমনটাই মনে করছেন স্থানীয় মহল। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)


