সুজয় ভট্টাচার্য, দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরে চাকরির দাবিতে দুর্গাপুর প্রজেক্টস লিমিটেডের (ডিপিএল) মূল ফটকের সামনে শুরু হওয়া লাগাতার অনশন বিক্ষোভ অবশেষে কর্তৃপক্ষের লিখিত আশ্বাসে প্রত্যাহার করা হল। সোমবার সন্ধ্যায় ডিপিএল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর আন্দোলনকারীরা তাঁদের কর্মসূচি স্থগিত করার সিদ্ধান্ত নেন।
গত ৩০ জানুয়ারি থেকে কর্মরত অবস্থায় মৃত ডিপিএল কর্মীদের পরিবারের সদস্যরা অনশনে বসেন। তাঁদের মূল দাবি ছিল— মৃত কর্মীদের পরিবারের একজনের জন্য চাকরির ব্যবস্থা করা। আন্দোলনকারীদের অভিযোগ, ২০১২ সালের ৩১ মার্চ পর্যন্ত এই নিয়ম অনুযায়ী চাকরি দেওয়া হলেও তার পর থেকে সেই প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। ফলে পরবর্তী সময়ে বহু কর্মীর মৃত্যু হলেও তাঁদের পরিবারের কেউ আর চাকরি পাননি।
এই পরিস্থিতিতে ডিপিএলের মূল গেটের সামনে অস্থায়ী তাঁবু খাটিয়ে ছয়জন মহিলা লাগাতার অনশন শুরু করেন। আন্দোলনকারীদের পক্ষে সোমা চৌধুরী জানান, “বারবার দাবি জানানো সত্ত্বেও কর্তৃপক্ষ কোনও পদক্ষেপ করেনি। তাই বাধ্য হয়েই আমরা অনশনে বসি। চাকরির সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম।”
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
সোমবার পুলিশের মধ্যস্থতায় ডিপিএলের আধিকারিকেরা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসেন। বিক্ষোভকারীরা ২০২৬ সালের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার লিখিত প্রতিশ্রুতি চান। তবে কর্তৃপক্ষ জানিয়ে দেয়, নিয়োগ সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত তাঁদের হাতে নেই, তাই নির্দিষ্ট সময়সীমা দেওয়া সম্ভব নয়। এরপর ডিপিএলের জেনারেল ম্যানেজার (এইচআর) আবীর কুমার বিশ্বাস লিখিতভাবে জানান, আন্দোলনকারীদের চাকরির আবেদন সংশ্লিষ্ট উচ্চতর দফতরের বিবেচনাধীন রয়েছে এবং বিষয়টি নিয়ে আলোচনা চলছে। এই আশ্বাসের ভিত্তিতেই আন্দোলনকারীরা অনশন ভাঙতে সম্মত হন।
আন্দোলনকারীদের প্রতিনিধি কাইজার রাজা বলেন, “চতুর্থ দিন সন্ধ্যায় কর্তৃপক্ষ লিখিত আশ্বাস দেওয়ার পরই অনশন প্রত্যাহার করা হয়েছে। আমরা আশা করছি দ্রুত ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হবে।” ডিপিএল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, উর্ধ্বতন মহলে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে এবং সিদ্ধান্ত এলে দ্রুত তা আন্দোলনকারীদের জানিয়ে দেওয়া হবে। আপাতত পরিস্থিতি শান্ত হলেও চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ নির্ভর করছে পরবর্তী প্রশাসনিক পদক্ষেপের উপর। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)


