দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুর মহকুমা হাসপাতালে পুরসভার সহযোগিতায় চালু থাকা ‘মা ক্যান্টিন’-এ এবার যুক্ত হল নতুন সুবিধা। এতদিন এখানে খাবার পেলেও রোগীর পরিজনদের বসে খাওয়ার কোনও নির্দিষ্ট জায়গা ছিল না। সেই সমস্যার সমাধানে রোগী কল্যাণ সমিতির উদ্যোগে ক্যান্টিনের পাশে একটি শেড নির্মাণ করা হয়েছে। শুক্রবার সেই শেডের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার।
দুর্গাপুর মহকুমা হাসপাতালের এই ‘মা ক্যান্টিন’-এ মূলত রোগীদের পরিজনেরা মাত্র ৫ টাকার বিনিময়ে দুপুরের খাবার হিসেবে ভাত, ডাল, সবজি ও ডিম পেয়ে থাকেন। স্বল্পমূল্যের এই আহার বহু মানুষের জন্য ভরসার জায়গা হয়ে উঠেছে। তবে বসে খাওয়ার উপযুক্ত জায়গা না থাকায় দীর্ঘদিন ধরেই সমস্যার মুখে পড়ছিলেন তাঁরা। এই পরিস্থিতিতে রোগী কল্যাণ সমিতির উদ্যোগে ক্যান্টিনের পাশে শেড তৈরি করা হয়, যাতে পরিজনেরা স্বাচ্ছন্দ্যে বসে খাবার খেতে পারেন।
(BCREC & Group of institutions। পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কবি দত্ত, দুর্গাপুরের মহকুমাশাসক সুমন বিশ্বাস, হাসপাতালের সুপার ধীমান মন্ডল সহ অন্যান্য আধিকারিকেরা। এদিকে ক্যান্টিন পরিচালনার দায়িত্বে থাকা মহিলারা রান্না ও খাবার সংরক্ষণের জন্য একটি আলাদা ঘর নির্মাণের দাবি জানান। তাঁদের দাবি শুনে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কবি দত্ত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন। নতুন এই শেড চালু হওয়ায় হাসপাতালে আসা বহু রোগীর পরিজনদের সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)


