দুর্গাপুরে ‘বেধড়ক বোলো’: কিশোর-কিশোরীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সচেতনতায় নতুন উদ্যোগ

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের বিভিন্ন স্কুলে বয়ঃসন্ধিকালীন কিশোর-কিশোরীদের শারীরিক, মানসিক ও প্রজনন স্বাস্থ্য সংক্রান্ত সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক অভিনব কর্মশালার আয়োজন করা হচ্ছে। রাষ্ট্রায়ত্ত সংস্থা এনএসপিসিএলের সামাজিক উন্নয়ন প্রকল্পের আওতায় এবং দুর্গাপুর সুন্দরম ক্রিয়েটিভ ওয়েলফেয়ার সোসাইটির সহযোগিতায় শুক্রবার বিজড়া হাইস্কুলে অনুষ্ঠিত হল ‘বেধড়ক বোলো’ শীর্ষক সেই বিশেষ সচেতনতামূলক কর্মশালা।

এই কর্মশালায় স্কুলের অষ্টম থেকে দশম শ্রেণীর ছাত্র-ছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। মোট ২৭৩ জন ছাত্র ছাত্রী অংশ নেয়। মূলত বয়ঃসন্ধিকালে কিশোর-কিশোরীদের শরীরে ও মনে যে স্বাভাবিক পরিবর্তন ঘটে, তা নিয়ে সঠিক ধারণা দেওয়াই ছিল এই কর্মশালার প্রধান উদ্দেশ্য। পাশাপাশি প্রজনন স্বাস্থ্য, মানসিক চাপ, আবেগ নিয়ন্ত্রণ এবং যৌনস্বাস্থ্য সংক্রান্ত নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও খোলামেলা আলোচনা করা হয়। দুর্গাপুর সুন্দরম ক্রিয়েটিভ ওয়েলফেয়ার সোসাইটির প্রতিষ্ঠাতা মানস সরখেল জানান, “কিশোর-কিশোরীদের মধ্যে এই বয়সে নানা ধরনের প্রশ্ন, দ্বিধা এবং কৌতূহল তৈরি হয়। অনেক সময় তারা সংকোচের কারণে কারও কাছে সেই প্রশ্নগুলো করতে পারে না। সেই কারণেই ‘বেধড়ক বলো’ কর্মশালার আয়োজন। আমরা দুর্গাপুরের বিভিন্ন স্কুলে ধারাবাহিকভাবে এই ধরনের কর্মশালা করছি, যাতে ছাত্র-ছাত্রীরা নির্ভয়ে নিজেদের মনের কথা বলতে পারে এবং সঠিক বৈজ্ঞানিক উত্তর পায়।”

—————————————

ভিডিয়োতে খবরটি দেখুন এখানে ক্লিক করে: https://www.facebook.com/share/v/17w4hHwjbH/

—————————————-

কর্মশালায় প্রশিক্ষকরা বিভিন্ন উদাহরণ, চিত্র এবং আলোচনার মাধ্যমে ছাত্র-ছাত্রীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। তাদের প্রশ্ন করার জন্য উৎসাহিত করা হয় এবং প্রতিটি প্রশ্নের যথাযথ ব্যাখ্যা সহ উত্তর দেওয়া হয়। অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের হাতে স্বাস্থ্য সুরক্ষা কিটও তুলে দেওয়া হয়। কর্মশালায় অংশ নেওয়া ছাত্র ছাত্রীরা জানায়, মনে অনেক প্রশ্ন থাকলেও বলতে লজ্জা পেত। এদিন তারা সেই সব প্রশ্ন খোলামেলা ভাবে আলোচনা করার সুযোগ পায়। স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষিকা কাকলি ধাড়া বলেন, “এই বয়সের ছেলেমেয়েদের মনে নানা ধরনের সংকোচ থাকে। শিক্ষক-শিক্ষিকাদের কাছে সব কথা খুলে বলতে দ্বিধায় ভোগে। এই ধরনের কর্মশালা তাদের জন্য খুবই প্রয়োজনীয়। এতে ওদের আত্মবিশ্বাস বাড়বে এবং সঠিক দিশা পাবে।”

উদ্যোক্তাদের মতে, কিশোর-কিশোরীদের মানসিক ও শারীরিক সুস্থতা নিশ্চিত করতে এই ধরনের সচেতনতামূলক উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৃহস্পতিবার এই কর্মশালার আয়োজন করা হয়েছিল বিধাননগর গার্লস হাইস্কুলে। প্রায় ৩৫০ জন ছাত্র-ছাত্রী অংশ নিয়েছিল। আগামী দিনেও দুর্গাপুরের আরও স্কুলে ‘বেধড়ক বলো’ কর্মশালা আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন আয়োজক সংস্থা। সচেতনতার আলোয় কিশোর মনকে আরও সাহসী ও স্বচ্ছ করে তুলতে এই উদ্যোগ খুবই কার্যকরী হবে—এমনটা মনে করছেন অভিভাবকেরা-ও। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

error: Content is protected !!