দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: ঝাড়খণ্ডের গিরিডি জেলায় কর্পোরেশন নির্বাচনে গুলি চালানোর ঘটনায় পলাতক অভিযুক্ত ঝাড়খন্ড মুক্তি মোর্চার (জেএমএম) শিবম শ্রীবাস্তবকে মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের অন্ডাল বিমানবন্দর চত্বর থেকে গ্রেপ্তার করেছে। আসানসোল রেজিস্ট্রেশন নম্বরের একটি গাড়ি এবং তার চালককেও পুলিশ আটক করেছে।
গিরিডি পুলিশ সোমবার গিরিডিতে গুলি চালানোর পর থেকে অভিযুক্তকে খুঁজছিল। ধাওয়া করার সময়, তারা একটি গোপন সংবাদ পায় যে সে কাজী নজরুল ইসলাম বিমানবন্দর হয়ে পালানোর চেষ্টা করছে। গিরিডি পুলিশ অন্ডাল থানার সাথে যোগাযোগ করে। এর পর অন্ডাল পুলিশের সাথে যৌথ অভিযান চালিয়ে বিমানবন্দর চত্বর থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
সোমবার সন্ধ্যায় গিরিডি কর্পোরেশন নির্বাচনের সময় ১৮ নম্বর ওয়ার্ডে গুলি চালানোর ঘটনায় শামীম আনসারি এবং আসলাম আনসারি ওরফে শেরু গুরুতর জখম হন। দুজনকে প্রথমে সদর হাসপাতালে পরে ধানবাদে রেফার করা হয়। ক্ষুব্ধ এলাকাবাসী বুদুটিলার কাছে রাস্তা অবরোধ করে। হিংসা ছড়িয়ে পড়ে এলাকায়। জেএমএম গিরিডি জেলা কমিটি এই ঘটনার নিন্দা জানিয়ে শিবমকে জেএমএমের প্রাথমিক সদস্যপদ থেকে বরখাস্ত করেছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)


