দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: এসআইআর (স্পেশাল ইনটেনসিভ রিভিশন) প্রক্রিয়ার আড়ালে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার অভিযোগ তুলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হল বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেস। সোমবার পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের মহকুমাশাসক দপ্তরের সামনে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন দুই রাজনৈতিক শিবিরের নেতা-কর্মীরা। অভিযোগ, বিজেপির ইঙ্গিতেই নির্বাচন কমিশন এই এসআইআর প্রক্রিয়া চালাচ্ছে, যার ফলে সাধারণ মানুষকে অযথা হয়রানির শিকার হতে হচ্ছে।
বাম ও তৃণমূল নেতৃত্বের দাবি, বিশেষ করে সংখ্যালঘু ভোটারদের নিশানা করা হচ্ছে বলে অভিযোগ ওঠে বিক্ষোভ মঞ্চ থেকে। অভিযোগ, জোর করে শুনানিতে ডেকে হুমকি ও ভয় দেখানো হচ্ছে অনেককে। বাম ও তৃণমূল নেতৃত্ব স্পষ্ট জানিয়ে দেন, চূড়ান্ত ভোটার তালিকায় যদি একজনও বৈধ ভোটারের নাম বাদ যায়, তবে রাজ্যজুড়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
সিপিএমের জেলা কমিটির সদস্য পার্থ দাস বলেন, “এসআইআর-এর নামে দীর্ঘদিন ধরে বসবাসকারী নাগরিকদের বাংলাদেশি বা রোহিঙ্গা তকমা দেওয়া হচ্ছে। প্রবীণ ভোটারদেরও শুনানির নামে হেনস্থা করা হচ্ছে, যা সম্পূর্ণ অগণতান্ত্রিক।” অন্যদিকে তৃণমূল কংগ্রেসের ২ নম্বর ব্লক সভাপতি উজ্জ্বল মুখোপাধ্যায়ের অভিযোগ, “বিজেপি নেতাদের সন্তুষ্ট করতে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার রাতারাতি নিয়ম বদলাচ্ছেন। বৈধ ভোটারদের নাম কাটার এই চক্রান্তের বিরুদ্ধেই রাজ্যজুড়ে তৃণমূল আন্দোলনে নেমেছে।”
বিজেপির মুখপাত্র সুমন্ত মন্ডল বলেন, “সিপিএম ও তৃণমূল যেভাবে একসঙ্গে আন্দোলন করছে, তাতে বোঝা যাচ্ছে তারা বাংলাদেশী অনুপ্রবেশকারী ও অবৈধ ভোটারদের বাঁচাতে একজোট হয়েছে। কারণ, অনুপ্রবেশকারীদের যদি ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয় তাহলে সিপিএম ও তৃণমূলের ভোটে কোথাও না কোথাও ঘুণ ধরবে। এই ভয় থেকেই যৌথভাবে আন্দোলন করছে আজ। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)


