‘শিল্প বাঁচাও, কাজ বাঁচাও’ স্লোগানে পশ্চিম বর্ধমানে বামেদের জাঠা মিছিল

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: কেন্দ্র ও রাজ্য সরকারের নীতির বিরুদ্ধে প্রতিবাদ এবং পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) সংকটে থাকা শিল্পাঞ্চলকে পুনর্জীবিত করার দাবিতে বড়সড় জাঠা মিছিলের ডাক দিল বাম সংগঠনগুলি। ‘শিল্প বাঁচাও, কাজ বাঁচাও, জেলা বাঁচাও, বাংলা বাঁচাও’ স্লোগানকে সামনে রেখে ৭ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত জেলা জুড়ে আয়োজন করা হবে ব্যাপক পদযাত্রা।

বৃহস্পতিবার দুর্গাপুর সিটি সেন্টারে সিটু কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই কর্মসূচির বিস্তারিত ঘোষণা করেন জেলা সভাপতি বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায় এবং সম্পাদক প্রবীর মণ্ডল। বিশ্বরূপ জানান, পদযাত্রার মূল উদ্দেশ্য গণতন্ত্র রক্ষা, কৃষিপণ্যের ন্যায্য মূল্য নিশ্চিতকরণ, শ্রমিকদের ন্যূনতম মজুরি এবং বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের দাবি জোরালো করা।

(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)

এই জাঠা মিছিল জেলার শিল্পাঞ্চলকে চার ভাগে ভাগ করে চারটি পৃথক রুটে এগোবে—
১ম রুট: কাঁকসা থেকে শুরু হয়ে দুর্গাপুর শহর পরিক্রমা শেষে ডিএসপি টাউনশিপের চণ্ডীদাস বাজারে সমাপ্তি।
২য় রুট: জামুড়িয়া থেকে যাত্রা শুরু করে জেকে নগর, রানিগঞ্জ, হরিপুর, বহুলা, অন্ডাল ও উখরা পেরিয়ে কাজোড়ায় শেষ হবে।
৩য় রুট: বার্নপুর–আসানসোল শিল্পাঞ্চল ঘিরে পদযাত্রা চলবে।
৪র্থ রুট: সাঁকতোড়িয়া থেকে পদযাত্রা শুরু হয়ে চিত্তরঞ্জনে গিয়ে শেষ হবে।

পদযাত্রা শেষে বড় দুই সভা অনুষ্ঠিত হবে—১৪ ডিসেম্বর চণ্ডীদাস বাজারে এবং ১৫ ডিসেম্বর কাজোড়ায়, যেখানে বক্তব্য রাখবেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। পাশাপাশি, চিত্তরঞ্জন ও বার্নপুরের সভায় উপস্থিত থাকবেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মীনাক্ষী মুখোপাধ্যায় এবং পার্থ মুখোপাধ্যায়। বাম সংগঠনগুলির দাবি, এই পদযাত্রা শিল্পাঞ্চলের বাঁচার লড়াইয়ে নতুন গতি আনবে এবং মানুষকে সংগঠিত করে বৃহত্তর আন্দোলনের পথ তৈরি করবে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

error: Content is protected !!