দূষণমুক্ত বায়ুর দাবিতে আসানসোল–দুর্গাপুরে মাসব্যাপী অভিযান, ৮৭৩ পরিবারে সমীক্ষা সম্পন্ন

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) আসানসোল–দুর্গাপুর শিল্পাঞ্চলে বায়ুদূষণ ও অস্বাস্থ্যকর রান্নার জ্বালানির ক্ষতিকর প্রভাব নিয়ে সচেতনতা বাড়াতে এক মাসব্যাপী নিবিড় কর্মসূচির প্রথম পর্যায় সফলভাবে শেষ হল। Durgapur Sub Divisional Sports and Cultural Clubs Coordination Society-এর উদ্যোগে এবং Asar-এর সহযোগিতায় ২১ জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত “চাই পরিষ্কার বায়ু ও পরিবেশবান্ধব জ্বালানীতে রান্না” শীর্ষক এই কর্মসূচি পালিত হয়।

মাসজুড়ে বিভিন্ন ওয়ার্ড, কলোনি ও গ্রামীণ এলাকায় সচেতনতা শিবির, র‍্যালি, পথনাটিকা, জনসংলাপ এবং সম্প্রদায়ভিত্তিক আলোচনা সভার মাধ্যমে সাধারণ মানুষের কাছে পরিবেশ রক্ষার বার্তা পৌঁছে দেওয়া হয়। বিশেষ করে বর্জ্য পোড়ানো বন্ধ করা এবং বিকল্প পরিষ্কার জ্বালানির ব্যবহার বাড়ানোর উপর জোর দেওয়া হয়। ২১ ফেব্রুয়ারি বিধাননগরের রিজেন্সি গেস্ট হাউসে বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত মাঠপর্যায়ে কাজ করা স্বেচ্ছাসেবক ও “বায়ু বীর”দের নিয়ে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন মোট ৩৪ জন কর্মী ও সংগঠক। পরিবেশ আন্দোলনের কর্মী কবি ঘোষ সভা পরিচালনা করেন। আসার-এর পক্ষ থেকে পম্পা চক্রবর্তী কর্মসূচির অগ্রগতি মূল্যায়ন করে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন।

(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)

আলোচনায় জানানো হয়, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে অগ্রাধিকার দিয়ে ২৭, ২৬, ২৮, ৩০, ৩৩, ৪২ ও ৪৩ নম্বর ওয়ার্ডে ইতিমধ্যেই ৮৭৩টি পরিবারের সমীক্ষা সম্পন্ন হয়েছে। অবশিষ্ট সমীক্ষা আগামী ৮ মার্চের মধ্যে শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে। উদ্যোক্তারা জানান, এই উদ্যোগের ফলে নাগরিকদের মধ্যে বর্জ্য পোড়ানো কমানোর প্রবণতা বৃদ্ধি পেয়েছে, পরিষ্কার জ্বালানির ব্যবহার নিয়ে আগ্রহ বাড়ছে এবং যুবসমাজ পরিবেশ আন্দোলনে সক্রিয়ভাবে যুক্ত হচ্ছে। পাশাপাশি শিল্প ও প্রশাসনের কাছে পরিবেশগত জবাবদিহিতার দাবিও আরও জোরদার হয়েছে। সমীক্ষার পূর্ণাঙ্গ রিপোর্ট প্রস্তুত হলে তা মাননীয় জেলাশাসক ও সংশ্লিষ্ট পরিবেশ দপ্তরের কাছে জমা দেওয়া হবে বলে জানানো হয়েছে। পরিষ্কার বায়ু আমাদের অধিকার—এই বার্তা ছড়িয়ে দিতে একটি হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে: ৮৬০৯৮০৫৪০৭। এই নম্বরে ফোন করে সর্বস্তরের মানুষ তাঁদের মতামত ও পরামর্শ জানাতে পারবেন। সম্মিলিত প্রচেষ্টায় সুস্থ, সবুজ ও বাসযোগ্য সমাজ গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

error: Content is protected !!