দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে হাতে এল নতুন বাড়ির চাবি। সোমবার পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুর পুরসভার সভাগৃহে আয়োজিত এক অনুষ্ঠানে নবীনপল্লি এলাকার ২৪০টি পরিবারের হাতে তুলে দেওয়া হল বস্তি উন্নয়ন প্রকল্পের ফ্ল্যাটের নথি। বহু বছরের অনিশ্চয়তা পেরিয়ে এবার পাকা ছাদের নীচে নতুন জীবন শুরু করার অপেক্ষায় উপভোক্তারা।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
দুর্গাপুর নগর নিগমের পক্ষ থেকে আয়োজিত এই অনুষ্ঠানে চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায় জানান, মঙ্গলবার থেকেই উপভোক্তারা তাঁদের নতুন ফ্ল্যাটে গিয়ে বসবাস শুরু করতে পারবেন। আগেই স্বচ্ছ প্রক্রিয়ায় লটারির মাধ্যমে ফ্ল্যাট বণ্টন করা হয়েছিল। এদিন তাঁদের হাতে অর্পণ নামা প্রদান করা হয়। প্রসঙ্গত, নবীনপল্লির বাসিন্দাদের পুনর্বাসনের জন্য ডিভিসি মোড়ের কাছে মোট ৪০৮টি ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে। তার মধ্যে প্রথম পর্যায়ে ২৪০টি ফ্ল্যাট হস্তান্তর করা হল। তবে, এদিন বিজেপির নেতৃত্বে কয়েকজন স্থানীয় বাসিন্দা ফ্ল্যাটের সামনের রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, প্রকৃত প্রাপকদের বঞ্চিত করে বহিরাগতদের কাছে ফ্ল্যাট বিক্রি করে দেওয়া হয়েছে। অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন অনিন্দিতা মুখোপাধ্যায়। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)



