দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: জাতীয় ভোটার দিবস উপলক্ষে Gen Z প্রজন্মকে ভোটদান ও স্বেচ্ছা রক্তদানে উদ্বুদ্ধ করতে রবিবার কলকাতা প্রেস ক্লাবে এক বিশেষ সচেতনতা সভার আয়োজন করল ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স সোসাইটি। সভার মূল লক্ষ্য ছিল নতুন প্রজন্মের কাছে ভোটাধিকার ও রক্তদানের সামাজিক দায়িত্বকে একসূত্রে তুলে ধরা।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, প্রতি বছর গ্রীষ্মকাল ও ভোটের সময় রক্তদান শিবিরের সংখ্যা কমে যাওয়ায় রাজ্যে রক্তের ঘাটতি দেখা দেয়। সদ্য ১৮ বছরে পা রাখা তরুণ-তরুণীরা এগিয়ে এলে এই সমস্যা অনেকটাই কাটানো সম্ভব। সেই ভাবনা থেকেই জাতীয় ভোটার দিবসে ভোটাধিকার ও স্বেচ্ছা রক্তদান—এই দুই বিষয়কে মিলিয়ে সচেতনতা কর্মসূচি নেওয়া হয়েছে। কর্মসূচির মূল বার্তা ছিল— ‘ভোটদান আপনার অধিকার, রক্তদান আপনার দায়িত্ব।’
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
এদিন একটি কিউআর কোড প্রকাশ করা হয়, যার মাধ্যমে নতুন ভোটাররা ভোটদান ও রক্তদান করার পর ছবি ও প্রাসঙ্গিক তথ্য নথিভুক্ত করতে পারবেন। অনুষ্ঠানে মূল প্রস্তাব উপস্থাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক কবি ঘোষ। থিম সং প্রকাশ করেন ডা. পল্লব কুমার দে। সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন এবং রাজ্যে প্রচলিত ছয়টি ভাষায় তৈরি সচেতনতা পোস্টারের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান নুরুল হক। এছাড়াও বক্তব্য রাখেন জনস্বাস্থ্য আন্দোলনের বিশিষ্ট ব্যক্তিত্ব ডা. কাজল কৃষ্ণ বণিক এবং স্মরজিৎ রায়, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (স্বেচ্ছা রক্তদান)।
অনুষ্ঠানে সরাসরি উপস্থিত থাকতে না পারলেও দূরভাষে এই উদ্যোগের প্রতি সমর্থন ও শুভেচ্ছা জানান পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য পরিষেবার ডিরেক্টর ডা. স্বপন সরেন। সকল বক্তাই এই মানবিক ও সামাজিক উদ্যোগ সফল করতে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন। সভায় উপস্থিত ছিলেন রাজ্য রক্তদান আন্দোলনের নেতৃত্ব রাজেশ পালিত, নুরুল হক, ফজলুল হক, শর্মিলা ঘোষ, বিনয় ভকত, ভাস্কর ঘোষ, সুলতা দাস, দীপঙ্কর মিত্র, আইনজীবী আইয়ুব আনসারী প্রমুখ। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)


