
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: আকাশপথে দুর্গাপুরের সঙ্গে নভি মুম্বইয়ের সরাসরি যোগাযোগ স্থাপিত হয়ে গেল গ্রীষ্মকালীন নতুন উড়ান সূচি চালুর সঙ্গে সঙ্গে। ২৯ মার্চ থেকে সারা দেশের মতোই অণ্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দর-এও কার্যকর হয়েছে এই নতুন সময়সূচি, যার ফলে যাত্রীদের জন্য বেড়েছে ভ্রমণের সুযোগ ও সুবিধা। সবচেয়ে উল্লেখযোগ্য সংযোজন হল নভি মুম্বইয়ের নতুন বিমানবন্দরের সঙ্গে সরাসরি সংযোগ। সপ্তাহে পাঁচ দিন—সোমবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার—এই রুটে বিমান চলাচল করবে বলে জানা গেছে। এছাড়াও, দক্ষিণ ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ শহর চেন্নাই এর সঙ্গে যোগাযোগ বজায় রাখতে সপ্তাহে পাঁচ দিন—সোমবার, মঙ্গলবার, বুধবার, শুক্রবার ও রবিবার উড়ান চালু থাকবে। অন্যদিকে, দেশের প্রধান মেট্রো শহর নতুন দিল্লি, বেঙ্গালুরু ও হায়দ্রাবাদে অণ্ডাল বিমানবন্দর থেকে সপ্তাহের ৭ দিনই বিমান চলাচল করবে। নতুন এই সূচি কার্যকর হওয়ায় ব্যবসা, পর্যটন ও ব্যক্তিগত ভ্রমণে উপকৃত হবেন এই অঞ্চলের যাত্রীরা। পাশাপাশি, দুর্গাপুর ও আশেপাশের এলাকার সঙ্গে দেশের বিভিন্ন প্রান্তের যোগাযোগ আরও দ্রুত ও সহজ হয়ে উঠবে বলেই মনে করা হচ্ছে।

