

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: দুরারোগ্য ক্যান্সার মানেই জীবনের সব স্বপ্ন থেমে যাওয়া নয়। চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতিতে এখন ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করেও মাতৃত্বের স্বপ্ন বাঁচিয়ে রাখা সম্ভব। রোবোটিক সার্জারির মাধ্যমে ডিম্বাশয়ের ক্যান্সারের সম্পূর্ণ চিকিৎসার মাধ্যমে এক তরুণীর মাতৃত্বের স্বপ্ন অটুট রাখার উজ্জ্বল দৃষ্টান্ত তৈরি করল দুর্গাপুরের মিশন হাসপাতাল।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, কলকাতার বাইরে পূর্ব ভারতে প্রথমবার সফলভাবে সম্পন্ন হয়েছে ‘রোবোটিক-সহায়ক প্রজনন-সংরক্ষণকারী অস্ত্রোপচার’ (Robotic-Assisted Fertility-Sparing Surgery)। এই অত্যাধুনিক অস্ত্রোপচারের মাধ্যমে নতুন জীবন ফিরে পেয়েছেন ‘বর্ডারলাইন ওভারিয়ান ক্যান্সার’-এ আক্রান্ত মাত্র ২৫ বছর বয়সী এক তরুণী। এই জটিল অস্ত্রোপচারটি পরিচালনা করেন এই অঞ্চলের প্রথম রোবোটিক অনকো-সার্জন ডা. অর্ণব চক্রবর্তী। চিকিৎসকদের দক্ষতায় ক্যান্সার আক্রান্ত ডিম্বাশয়ের অংশ এবং ক্ষতিগ্রস্ত টিস্যু অপসারণ করা হলেও, ভবিষ্যতে সন্তান ধারণের সম্ভাবনা বজায় রাখতে রোগীর জরায়ু ও ডিম্বাশয়ের সুস্থ অংশ অক্ষত রাখা হয়েছে।
অস্ত্রোপচারে ব্যবহার করা হয় অত্যাধুনিক ‘da Vinci Xi’ রোবোটিক সিস্টেম। উন্নত প্রযুক্তির সহায়তায় অত্যন্ত নিখুঁতভাবে এই অপারেশন সম্পন্ন হওয়ায় রোগী দ্রুত সুস্থ হয়ে ওঠেন এবং মাত্র দু’দিনের মধ্যেই হাসপাতাল থেকে ছুটি পান।.jpeg)
ডা. অর্ণব চক্রবর্তী জানান, মহিলারা সবচেয়ে যে সব ক্যান্সারে বেশি আক্রান্ত হন, তার মধ্যে অন্যতম হল ডিম্বাশয়ের ক্যান্সার। জেনেটিক কারণেই এই ক্যান্সারের সম্ভাবনা ক্রমশ বাড়ছে। এর ফলে মাতৃত্বের সম্ভাবনা প্রশ্নের মুখে পড়ে। পূর্ব ভারতে প্রথম বারের মতো মিশন হাসপাতালে তেমন এক তরুণীর মাতৃত্বের নিশ্চয়তা সুরক্ষিত রেখে সফল রোবোটিক সার্জারি করা হয়েছে। চিকিৎসায় এক নতুন দিগন্ত খুলে দিয়েছে মিশন হাসপাতাল।
(বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)
.jpeg)