উত্তপ্ত রাজনীতির মাঝেও সম্প্রীতির ছবি দুর্গাপুরে

Advertisement

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর রাজনৈতিক উত্তেজনার আবহে দুর্গাপুরে একাধিক জায়গায় দলীয় কার্যালয় ও ক্লাব দখলকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছিল। তবে বৃহস্পতিবার সেই পরিস্থিতিতে আবারও ভিন্ন বার্তা দিলেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। বিজেপির পতাকা সরিয়ে আইএনটিটিইউসি কার্যালয় ও একটি ক্লাব ফিরিয়ে দেওয়া হল। 

দুর্গাপুরের এবিএলের আইএনটিটিইউসি কার্যালয়। অভিযোগ, নির্বাচনের ফল প্রকাশের পর সেখানে ভাঙচুর চালানো হয়। চেয়ার-টেবিল নষ্ট করার পাশাপাশি আইএনটিটিইউসির পতাকা নামিয়ে লাগিয়ে দেওয়া হয় বিজেপির পতাকা। বিষয়টি জানাজানি হতেই দুর্গাপুর পূর্ব কেন্দ্রের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে স্থানীয় বিজেপি নেতৃত্ব বৃহস্পতিবার ঘটনাস্থলে গিয়ে কার্যালয়টি ফের আইএনটিটিইউসি কর্মীদের হাতে তুলে দেন। বিজেপি কর্মীরাই সেখানে লাগানো নিজেদের পতাকা খুলে দিয়ে ফের আইএনটিটিইউসি ও তৃণমূলের পতাকা টাঙিয়ে দেন।

বিজেপির দুর্গাপুর পূর্ব ৩ নম্বর মণ্ডলের সভাপতি বুদ্ধদেব মণ্ডল বলেন, “দখল বা জবরদখলের রাজনীতিতে বিজেপি বিশ্বাস করে না। কোথাও যদি আমাদের দলের নাম ব্যবহার করে অন্য কেউ এই ধরনের কাজ করে থাকে, তাহলে সেই জায়গা ফিরিয়ে দেওয়ার নির্দেশ রয়েছে।” আইএনটিটিইউসি কর্মী রঞ্জিৎ মহাপাত্র জানান, ঘটনাটি সামনে আসার পর তাঁরা বিজেপি নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেন। অভিযোগ পাওয়ার পর দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও তিনি দাবি করেন।

Advertisement

এদিকে, ডিএসপি টাউনশিপের বি-জোনের চণ্ডীদাস রোড এলাকার একটি ক্লাব নিয়েও একই ধরনের অভিযোগ ওঠে। স্থানীয়দের দাবি, নির্বাচনের পর ক্লাবটিতে বিজেপির পতাকা লাগিয়ে দখল নেওয়ার চেষ্টা হয়েছিল। বৃহস্পতিবার বিজেপির যুব নেতা পারিজাত গঙ্গোপাধ্যায়ের উদ্যোগে সেই ক্লাবের চাবি ফের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়। পারিজাত গঙ্গোপাধ্যায় বলেন, “বিজেপির কোনও কর্মী বা সমর্থক এই দখলদারির সঙ্গে জড়িত নন। যারা এই কাজ করেছে, তাদের সতর্ক করা হচ্ছে। ক্লাব কোনও নির্দিষ্ট দলের জায়গা নয়। এখন থেকে সব রাজনৈতিক মতের মানুষ এখানে আসতে পারবেন।” রাজনৈতিক উত্তাপের মাঝেও এই দুই ঘটনায় দুর্গাপুরে নতুন করে সৌহার্দ্যের বার্তা পৌঁছেছে বলে মত স্থানীয়দের একাংশের।

 (বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)

Advertisement

Related Posts