দুর্গাপুর দর্পণ ডেস্ক, দুর্গাপুর: মুর্শিদাবাদের বহরমপুরের উত্তরপাড়ার রাস্তায় এদিক-ওদিক ঘোরাঘুরি করছিল এক যুবক। পরনে ছিল ফুড ডেলিভারি সংস্থার পোশাক। আচরণে অসঙ্গতি দেখে স্থানীয়দের সন্দেহ হয়। প্রশ্নের উত্তরে জড়তা, কথায় মিল না থাকায় সন্দেহ আরও ঘনীভূত হয়। অভিযোগ, চোর ভেবে কয়েকজন তাঁর গায়ে হাতও তোলেন। তবে যুবকের হাত-পায়ে জমে থাকা ময়লা আর তার অসহায় দৃষ্টি দেখে এগিয়ে আসেন কয়েকজন। তাঁকে তুলে দেওয়া হয় বহরমপুর থানায়।
জিজ্ঞাসাবাদে পুলিশ বুঝতে পারে, যুবকটি মানসিক ভারসাম্যহীন। মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে বিষয়টি দেখেন বহরমপুর থানার ভারপ্রাপ্ত আইসি সুদীপ সিং। পরিচয় জানার সূত্র খুঁজতে তিনি যোগাযোগ করেন ‘ওয়েস্ট বেঙ্গল রেডিয়ো ক্লাব’-এর সঙ্গে। হ্যাম রেডিয়োর সদস্যরা খোঁজখবর শুরু করেন। ধীরে ধীরে সামনে আসে পরিচয়—যুবকের নাম সাহিল ওঁরাও। বাড়ি জলপাইগুড়ি জেলার মাল-এর নিদামঝোড়া চা বাগানে। মা বাসন্তি ও দাদা সমীর চা বাগানের শ্রমিক। বাবা কারমা আগে শ্রমিক ছিলেন, এখন অসুস্থ।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
মাল প্রশাসনের সহায়তায় যোগাযোগ করা হয় স্থানীয় রাঙামাটি পঞ্চায়েতের সঙ্গে। পঞ্চায়েত প্রধান অশোককুমার চিক বড়াইয়ের উদ্যোগে ভিডিয়ো কলের ব্যবস্থা করা হয়। থানায় বসেই পরিবারের সামনে দেখানো হয় যুবকটিকে। পর্দার ওপারে মা-দাদার চোখ ভিজে ওঠে—সনাক্ত করেন সাহিলকে। এরপর বহরমপুর থানার উদ্যোগে এবং মাল প্রশাসনের সহায়তায় সাহিলের বাড়ি ফেরার ব্যবস্থা করা হয়। এক অনিশ্চয়তা, ভুল বোঝাবুঝি আর সন্দেহের আবহ থেকে শেষ পর্যন্ত মানবিকতার জয় হয়।
‘ওয়েস্ট বেঙ্গল রেডিয়ো ক্লাব’-এর সম্পাদক অম্বরীশ নাগ বিশ্বাস জানিয়েছেন, নানা সামাজিক কাজের পাশাপাশি বছরের পর বছর ধরে এমন শত শত হারিয়ে যাওয়া মানুষকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার কাজ করে চলেছে তাঁদের সংগঠন। তিনি বলেন, “এলাকার সমস্ত মানসিক ভারসাম্যহীনদের হাতে উল্কি করে নাম ঠিকানা বা ফোন নাম্বার লিখে দেওয়ার প্রস্তাব দেওয়া হয় রাঙামাটির প্রধানের কাছে যাতে ওরা হারিয়ে গেলে সহজে ফিরিয়ে আনা সম্ভব হয়। প্রধান সম্মত হয়েছেন।” একটি ভুল সন্দেহ থেকে শুরু হওয়া ঘটনা শেষ পর্যন্ত হয়ে উঠল মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত—যেখানে পুলিশ, প্রশাসন ও হ্যাম রেডিয়ো অপারেটরদের সংস্থার সমন্বয়ে এক পরিবার ফিরে পেল তাদের আপনজনকে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)


