WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে তোলাবাজি এবং বেআইনি আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে নিউটাউনশিপ থানার পুলিশ শনিবার গভীর রাতে গ্রেফতার করল তৃণমূল ঘনিষ্ঠ বলে পরিচিত সুদীপ গুণ ওরফে রাজা গুণকে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহল থেকে শুরু করে স্থানীয় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই রাজা গুণের বিরুদ্ধে এলাকায় তোলাবাজি, ভয় দেখানো এবং দাপটের সঙ্গে বেআইনি কাজকর্ম চালানোর অভিযোগ উঠছিল। শনিবার রাতে নিউটাউনশিপ থানার পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। অভিযোগ, তার কাছ থেকে আগ্নেয়াস্ত্রও উদ্ধার হয়েছে। যদিও পুলিশ এখনও সরকারি ভাবে উদ্ধার হওয়া অস্ত্রের বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।

স্থানীয় সূত্রে দাবি, রাজা গুণকে একাধিকবার তৃণমূল কংগ্রেসের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি, মিছিল এবং সভা-মিটিংয়ে সক্রিয়ভাবে দেখা গিয়েছে। এলাকার অনেকেই তাকে প্রাক্তন শাসকদলের ঘনিষ্ঠ মুখ হিসাবেই চিনতেন। সেই কারণেই গ্রেফতারির পর রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে।

রবিবার ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে খবর, ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় তদন্তকারী দল। তার সঙ্গে আর কারা যুক্ত রয়েছে, বেআইনি অস্ত্র কোথা থেকে এল এবং তোলাবাজির চক্র কতদূর বিস্তৃত— সেই সব দিক খতিয়ে দেখা হচ্ছে।

যদিও এই ঘটনায় তৃণমূল নেতৃত্ব সরাসরি দূরত্ব বজায় রেখেছে। দলের একাংশের নেতারা জানিয়েছেন, “কেউ কোনও রাজনৈতিক দলের মিছিলে বা সভায় থাকলেই সে দলের সদস্য হয়ে যায় না। আইন আইনের পথে চলবে। যদি কেউ অপরাধ করে থাকে, পুলিশ অবশ্যই ব্যবস্থা নেবে।”

অন্যদিকে বিরোধীদের দাবি, প্রাক্তন শাসকদলের ছত্রছায়াতেই এলাকায় দুষ্কৃতীদের দাপট বেড়েছে। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ পরিস্থিতির উপর কড়া নজর রাখছে। তদন্তের অগ্রগতির দিকেই এখন তাকিয়ে রয়েছে দুর্গাপুরের রাজনৈতিক ও সাধারণ মহল।