দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: গত ১২-১৩ মার্চ আয়োজিত হল পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের ডাঃ বি. সি. রায় পলিটেকনিক-এর বার্ষিক প্রযুক্তি উৎসব ‘টেকসূত্র-২০২৬’ (TECHSUTRA 2026)। এই উৎসব আসলে শিক্ষার্থীদের বিভিন্ন ধরণের চিন্তাভাবনা ও সৃজনশীলতার প্রতিফলন ঘটানোর মঞ্চ। মডেল, আলোকচিত্র, পোস্টার, কুইজ, সৃজনশীলতা (Meraki) প্রভৃতি প্রদর্শনী ও প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা তাঁদের প্রতিভা ও মেধার নিদর্শন তুলে ধরেন।
কলেজের এম. এল. শ্রফ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই উৎসবের উদ্বোধন করেন CSIR-CMERI এর প্রধান বিজ্ঞানী ড. পার্থ সারথি পাল। তিনি ছিলেন অনুষ্ঠানের প্রধান অতিথি। উদ্বোধনী বক্তব্যে তিনি স্যার জগদীশ চন্দ্র বসু এবং ড. প্রশান্ত চন্দ্র মহলানবিশ এর জীবনের বিভিন্ন দৃষ্টান্ত তুলে ধরে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাঃ বি. সি. রায় ইঞ্জিনিয়ারিং কলেজ (সোসাইটি) এর কোষাধ্যক্ষ জার্নেল সিং, প্রধান উপদেষ্টা ড. সৈকত মৈত্র, ডাঃ বি. সি. রায় কলেজ অফ ফার্মাসি অ্যান্ড অ্যালাইড হেলথ সায়েন্সেস এর অধ্যক্ষ ড. সমীর কুমার সামন্ত, ডাঃ বি. সি. রায় পলিটেকনিক এর অধ্যক্ষ ড. অরিজিৎ কুমার ব্যানার্জি।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
ড. সৈকত মৈত্র তাঁর বক্তব্যে বিশ্বব্যাপী জ্বালানি সংকটের বর্তমান পরিস্থিতি বর্ণনা করেন এবং শিক্ষার্থীদের তাঁদের উদ্ভাবনী চিন্তাভাবনা ও মেধার প্রয়োগ ঘটিয়ে এই সমস্যার সমাধানে সচেষ্ট হওয়ার পরামর্শ দেন। সফল পেশাদার হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে গেলে আন্তঃবিষয়ক জ্ঞান অর্জনের উপর তিনি পড়ুয়াদের বিশেষ গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, “ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঠ্যক্রম। তাই শিক্ষার্থীদের পদার্থবিজ্ঞান, গণিত এবং জ্যামিতির মতো মৌলিক বিষয়গুলোতে জ্ঞান অর্জনের ব্যাপারে অবশ্যই যত্নবান হতে হবে।” বিভিন্ন অভিনব মডেলের মাধ্যমে নিজেদের প্রতিভা তুলে ধরার জন্য শিক্ষার্থীদের অভিনন্দন জানান ড. সমীর কুমার সামন্ত এবং ড. অরিজিৎ কুমার ব্যানার্জি।
উৎসবের দ্বিতীয় দিনে আমন্ত্রণ জানানো হয়েছিল দুর্গাপুরের বিভিন্ন স্কুলের নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিজ্ঞানে উৎসাহী ছাত্র ছাত্রীদের। সেন্ট জেভিয়ার্স স্কুল (বিধাননগর), সেন্ট মাইকেলস স্কুল (বিধাননগর), নেতাজিনগর কলোনি হাই স্কুল, ডিআইসিভি পাবলিক হাই স্কুল, দুর্গাপুর পাবলিক ইনস্টিটিউট এর মতো স্কুল থেকে প্রায় ৭০ জন ছাত্র ছাত্রী এই উৎসবে অংশগ্রহণ করে। সৃজনশীল লেখা, প্রযুক্তি কুইজ, পোস্টার উপস্থাপন সহ নানা প্রতিযোগিতায় অংশ নেয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় উৎসব। ডাঃ বি. সি. রায় পলিটেকনিক এর অধ্যক্ষ ড. অরিজিৎ কুমার ব্যানার্জি অংশগ্রহণকারী সকলকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য অভিনন্দন জানান। ধন্যবাদ জ্ঞাপন করেন ’টেকসূত্র’ এর আহ্বায়ক তাপস নন্দী। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন ড. অর্ণব চ্যাটার্জি এবং রিমা দত্ত। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )


