ডিটিপিএস গেটে কাজের দাবিতে বিক্ষোভ, পক্ষপাতের অভিযোগে সরব বিজেপি–বিএমএস

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: কাজের দাবিতে আবারও সরব হলেন স্থানীয়রা। সোমবার পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের ডিভিসির তাপবিদ্যুৎ কেন্দ্র ডিটিপিএসের মূল গেটের সামনে বিক্ষোভ দেখালেন বিএমএস ও বিজেপি কর্মীরা। তাঁদের অভিযোগ, ডিভিসির একাংশ আধিকারিক শাসকদল তৃণমূলের সঙ্গে ঘনিষ্ঠতা রেখে তৃণমূলের সমর্থকদের কাজের সুযোগ করে দিচ্ছেন, অথচ স্থানীয় গ্রামবাসীরা বঞ্চিত হচ্ছেন।

প্রায় ৯ হাজার কোটি টাকা ব্যয়ে ডিটিপিএসে নতুন ৮০০ মেগাওয়াটের একটি সুপারক্রিটিক্যাল ইউনিট নির্মাণের কাজ চলছে। তারই অঙ্গ হিসেবে হাসপাতাল, স্কুল, প্রশাসনিক ভবন ও ডাকঘর-সহ বিভিন্ন পরিকাঠামো তৈরির কাজ শুরু হয়েছে। এই কাজেই স্থানীয়দের অগ্রাধিকার দেওয়ার দাবি তুলেই এদিন গেটে জড়ো হন বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীদের দাবি ছিল, তাঁদের পাঁচজন প্রতিনিধিকে কর্তৃপক্ষের সঙ্গে দেখা করতে দিতে হবে। তবে নিরাপত্তারক্ষীরা জানান, সংশ্লিষ্ট আধিকারিকেরা ব্যস্ত থাকায় কিছুটা অপেক্ষা করতে হবে। এই নিয়েই শুরু হয় উত্তেজনা ও বচসা।

(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)

উপস্থিত বিজেপির জেলা মুখপাত্র সুমন্ত মণ্ডল ক্ষোভ প্রকাশ করে বলেন, শাসকদলের কেউ এলে বাধা থাকে না, অথচ তাঁদের প্রতিনিধিদের প্রবেশে আপত্তি তোলা হচ্ছে। তাঁর অভিযোগ, “পিছনের দরজা দিয়ে তৃণমূলের লোকজনকে কাজে ঢোকানো হচ্ছে, উপেক্ষা করা হচ্ছে এলাকার প্রকৃত বাসিন্দাদের।” গেটের সামনেই অবস্থান বিক্ষোভ শুরু করেন কর্মীরা। পরে অবশ্য কর্তৃপক্ষ তাঁদের ভিতরে ঢুকে কথা বলার অনুমতি দেন। পক্ষপাতিত্বের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে ডিটিপিএস কর্তৃপক্ষ।

জেলা তৃণমূলের সহ-সভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন, ডিভিসি যেহেতু কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা, সেখানে বেছে বেছে তৃণমূলের  কর্মীদের কাজ দেওয়ার প্রশ্নই ওঠে না। তাঁর দাবি, ভোটের আগে নিজেদের প্রাসঙ্গিক করে তুলতেই ভিত্তিহীন অভিযোগ তুলে ইস্যু তৈরির চেষ্টা করছে বিজেপি নেতৃত্ব। কাজের প্রত্যাশায় থাকা স্থানীয়দের আশা, রাজনৈতিক টানাপোড়েনের বাইরে গিয়ে স্বচ্ছভাবে কর্মসংস্থানের সুযোগ মিলুক এলাকার যোগ্য যুবকদের। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

error: Content is protected !!