দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: বিজেপি করার অপরাধে দলের বুথ সভাপতিকে কাজ থেকে বসিয়ে দেওয়ার অভিযোগ। প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার কাঁকসার বামুনাড়ার এক বেসরকারি কারখানার গেট আটকে বিক্ষোভ দেখায় বিজেপির কর্মী সমর্থকেরা। কারখানায় ঢোকা-বেরোনো বন্ধ হয়ে যায়। খবর পেয়ে কাঁকসা থানা থেকে পুলিশ আসে। বিক্ষোভকারীদের বুঝিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। কিন্তু তাতে কাজ হয়নি।
দুর্গাপুর পূর্ব বিধানসভার ২৪৭ নম্বর বুথের সভাপতি রবীন্দ্রনাথ ঘোষকে কাজ থেকে ২ মাসের জন্য বসিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। তৃণমূল নেতৃত্বের অঙ্গুলী হেলনেই কারখানা কর্তৃপক্ষ একাজ করেছেন বলে অভিযোগ বিজেপি নেতৃত্বের। রবীন্দ্রনাথ বলেন, “কারখানা কর্তৃপক্ষের সঙ্গে দেখা করলে তৃণমূলের দু’জনের নাম করা হয়। তাদের সঙ্গে দেখা করতে বলা হয়। আমার অপরাধ আমি বিজেপি করি। তাই আমার এই পরিস্থিতি।”
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
কাজে পুনর্বহাল না করা পর্যন্ত আন্দোলন চলবে বলে দাবি করেন বিজেপির ৪ নম্বর মন্ডল সভাপতি শুভাশিস মুখোপাধ্যায়। তিনি বলেন, “২০২১ সাল থেকে দেখছি, এই শিল্পতালুকের কারখানায় বিজেপির যারা কাজ করে, তাদের বিপাকে ফেলতে এভাবে কাজ থেকে বসিয়ে দিচ্ছে তৃণমূল। তৃণমূলের কাছে নতি স্বীকার না করা পর্যন্ত রবীন্দ্রনাথ তার কাজ ফিরে পাবে না বলা হয়েছে। আমরা বৃহত্তর আন্দোলনের পথে যাব।”
তৃণমূলের জেলা সহ সভাপতি উত্তম মুখোপাধ্যায় বিজেপির দাবি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, “ক্ষোভ-বিক্ষোভ বিজেপির নিজস্ব ব্যাপার। প্রচারের আলোয় থাকার জন্য এসব করছে।” বিজেপির মুখপাত্র সুমন্ত মন্ডল বলেন, “সবাই জানে, বিজেপি করার জন্য কত জনকে কত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, কত নির্যাতন সহ্য করতে হচ্ছে। তৃণমূল নেতাদের এই অত্যাচার সব বন্ধ হয়ে যাবে ২০২৬ এর বিধানসভা নির্বাচনের পরে। রাজ্যের মানুষ এবারের ভোটে উপযুক্ত জবাব দেওয়ার জন্য মুখিয়ে আছে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)



