দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: এসআইআর-এর নামে বৈধ ভোটারদের অবৈধ করার চক্রান্ত চলছে—এই অভিযোগ তুলে বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করল যুব তৃণমূল। শনিবার বিকেলে পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের বাঁকুড়া মোড়ে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সমাবেশে উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্র নাথ চক্রবর্তী, দলের মুখপাত্র সুদীপ রাহা, জেলা যুব তৃণমূল সভাপতি পার্থ দেওয়াসি, তৃণমূলের ৩ নম্বর ব্লক সভাপতি শিপুল সাহা, ৩ নম্বর ব্লক যুব তৃণমূল সভাপতি ঋত্বিক রায়, ২ নম্বর ব্লক তৃণমূলের সহ-সভাপতি রাজু সিং সহ একাধিক প্রাক্তন কাউন্সিলর।
সভা মঞ্চ থেকে তৃণমূল সভাপতি নরেন্দ্র নাথ চক্রবর্তী প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, “ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে ‘বঙ্কিম দা’ বলে ডাকা আসলে ইতিহাস ও সংস্কৃতির চরম অবমাননা।” তিনি প্রশ্ন তোলেন, “বঙ্কিমচন্দ্র কি প্রধানমন্ত্রীর বন্ধু ছিলেন, নাকি তাঁর দোকানে চা খেতে যেতেন?” বিজেপি ও নির্বাচন কমিশনের ‘অশুভ আঁতাত’-এর অভিযোগ তুলে তিনি বলেন, “এর ফলে গণতন্ত্র আজ বিপন্ন।” পাশাপাশি তিনি দাবি করেন, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির রাজনৈতিক বিসর্জন নিশ্চিত।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
অন্যদিকে তৃণমূলের মুখপাত্র সুদীপ রাহা বলেন, “যুবভারতী ক্রীড়াঙ্গনে ঘটে যাওয়া বিক্ষিপ্ত ঘটনার জন্য যদি মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করা হয়, তাহলে প্রধানমন্ত্রীর সভায় তিন জনের মৃত্যুর দায় নিয়ে তাঁরও পদত্যাগ করা উচিত।” প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে তিনি তাঁকে ‘পরিযায়ী পাখি’ বলে আখ্যা দেন এবং বলেন, “এটাই কি অ্যাক্ট অফ গড? প্রধানমন্ত্রীর হেলিকপ্টার সভাস্থলে যেতে পারল না প্রতিকূল আবহাওয়ার জন্য।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)