দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: চাকরির দাবিতে শুক্রবার পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরে দুর্গাপুর প্রজেক্টস লিমিটেড (ডিপিএল)-এর মূল ফটকের সামনে অনশনে বসলেন কর্মরত অবস্থায় মৃত ডিপিএল কর্মীদের নিকট আত্মীয়রা। পুলিশের মধ্যস্ততায় ডিপিএলের আধিকারিকেরা তাঁদের সঙ্গে কথা বলেন। অবিলম্বে তাঁদের নিয়োগ না করা হলে আমরণ অনশন চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
অনশনকারীদের দাবি, ২০১২ সালের আগে পর্যন্ত কর্মরত অবস্থায় মৃত ডিপিএল কর্মীদের পরিবারের একজনকে চাকরি দেওয়া হত। কিন্তু ২০১২ সালের ৩১ মার্চের পর সেই প্রক্রিয়া সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গিয়েছে। এরপর বহু কর্মীর কর্মরত অবস্থায় মৃত্যু হলেও তাঁদের পরিবারের সদস্যরা আজও চাকরি থেকে বঞ্চিত। অথচ সরকারি নিয়মে তাঁদের চাকরি পাওয়ার কথা।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
আন্দোলনকারীদের তরফে সোমা চৌধুরী, ঝুমুর সেন জানান, বহুদিন ধরে তাঁরা দফায় দফায় আন্দোলন করে চলেছেন। এবার ১৬ জানুয়ারি থেকে আন্দোলন চলছে। তাঁদের অভিযোগ, ডিপিএল কর্তৃপক্ষের তরফে কোনও সাড়া মেলেনি। তাই শুক্রবার থেকে তাঁরা অনশন শুরু করেছেন। তাঁরা বলেন, “চাকরির দাবিতে আমরা আমরণ অনশন করব। সরকারী নীতি থাকা সত্বেও কেন আমরা আমাদের প্রিয়জনকে হারানোর পরেও চাকরি পাব না? আমরা চরম আর্থিক সংকটে আছি।” ডিপিএল কর্তৃপক্ষের দাবি, আন্দোলনকারীদের দাবির কথা উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। চাকরি দেওয়ার বিষয়টি তাঁদের হাতে নেই। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)


