“বুথ জিতলেই নির্বাচন জেতা সম্ভব”—কর্মীদের বার্তা দিলেন শুভেন্দু অধিকারী

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: বুথ ও শক্তিকেন্দ্রকেই নির্বাচনী লড়াইয়ের মূল ভরকেন্দ্র বলে দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরে বুধবার এক সাংগঠনিক সভায় তিনি বলেন, “আজ যাঁরা এখানে উপস্থিত, তাঁরা সবাই বুথ ও শক্তিকেন্দ্রের আসল চালিকাশক্তি। চারটি সাংগঠনিক জেলার পাঁচ হাজারেরও বেশি বুথ, শক্তিকেন্দ্র ও মণ্ডল স্তরের কর্মীরা আজ একত্রিত হয়েছেন। আপনারাই আমাদের সংগঠনের স্তম্ভ।”

শুভেন্দু অধিকারী বলেন, নির্বাচনে জয় পেতে হলে প্রথম ও প্রধান কাজ হল বুথকে শক্তিশালী করা। নিজের উদাহরণ টেনে তিনি বলেন, “নন্দীগ্রামে আমার বুথে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে ২০০-র বেশি ভোটে হারানো হয়েছে। ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে বিজেপি জয়ী হয়েছে, আর ২০২৪ সালের লোকসভা ভোটে সেখানে বিজেপি প্রায় ২০০ ভোটে এগিয়ে ছিল। তাই বুথ ও শক্তিকেন্দ্র জিতলেই নির্বাচন জেতা সম্ভব।”

(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)

তিনি আরও দাবি করেন, গত লোকসভা নির্বাচনে ব্যাপক হিংসা, ছাপ্পা ও রিগিং সত্ত্বেও তৃণমূলের সঙ্গে বিজেপির ব্যবধান ছিল মাত্র ৪০ লক্ষ ভোটের। তাঁর অভিযোগ, এসআইআর-এর নামে তৃণমূল সরকার পরিকল্পিতভাবে মানুষকে হয়রানি করছে। শুভেন্দুর ভাষায়, “নির্বাচন কমিশনের হাতে কার্যত কিছু নেই। সিইও ছাড়া সবাই রাজ্য সরকারের অধীনস্থ আধিকারিক। মানুষের মধ্যে তৃণমূলের বিরুদ্ধে যে ক্ষোভ তৈরি হয়েছে, তা ঢাকতেই এই প্রশাসনিক দমননীতি।” শেষে বিজেপি কর্মীদের উদ্দেশে আহ্বান জানিয়ে তিনি বলেন, “এই স্তাবক প্রশাসনের বিরুদ্ধে লড়াই করতে হবে। সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। তাহলেই আসন্ন নির্বাচনে জয় নিশ্চিত হবে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

error: Content is protected !!