সাইকেলের জন্য জিপিএস ডিভাইস, মোবাইলেই মিলবে লোকেশন সতর্কতা
সুজয় ভট্টাচার্য, দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুর শহরের রাস্তায় এখন চোখে পড়ে আধুনিক সব সাইকেল—কোথাও গিয়ার সিস্টেম, কোথাও ব্যাটারি-চালিত ই-সাইকেল। দামের দিক থেকেও এগুলি বেশ মূল্যবান। কিন্তু যতই আধুনিক হোক, সুরক্ষার ক্ষেত্রে বড়সড় ফাঁক থেকেই যাচ্ছে। নিরাপত্তার ঘাটতি থাকায় চোরদের কাছে এসব সাইকেল সহজ টার্গেট হয়ে ওঠে। চুরি হলে সাইকেল ফেরত পাওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।
এই সমস্যার সমাধান হিসেবেই এবার শিল্পশহরের বাজারে আসতে চলেছে এক নতুন সুরক্ষাকবচ—সাইকেল স্পেসিফিক জিপিএস ট্র্যাকিং ডিভাইস। সাইকেল চুরি রুখতে এটি বড় ভূমিকা নেবে বলেই দাবি প্রস্তুতকারক ও ডিলারদের। মোবাইল অ্যাপের সঙ্গে ডিভাইসটি সংযুক্ত করলেই মালিক বা অভিভাবকেরা রিয়েল-টাইমে নজর রাখতে পারবেন সাইকেলের অবস্থান ও চলাচলের ওপর। ডিভাইসটির অন্যতম বৈশিষ্ট্য হল দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ। মাত্র দুই ঘণ্টা চার্জ দিলেই প্রায় পনেরো দিন পর্যন্ত চলবে।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
অ্যাপে নির্দিষ্ট রুট সেট করে দিলে সাইকেল সেই পথের বাইরে গেলেই সঙ্গে সঙ্গে মোবাইলে বেজে উঠবে সতর্কতা অ্যালার্ট। ফলে সন্তানের সাইকেল কোথায় আছে, কতক্ষণ ধরে কোথায় থেমে আছে, কোনও অস্বাভাবিক গতিবিধি হচ্ছে কি না—সবটাই জানা যাবে এক ক্লিকেই। ডিভাইসটির বাজার মূল্য ধরা হয়েছে প্রায় সাত হাজার টাকা।
ইন্সটলেশনের জন্য প্রয়োজন হবে আধার কার্ড ও সাইকেলের রেজিস্ট্রেশন নম্বর—জানিয়েছেন শিল্পশহরের সাইকেল ডিলার গগনদীপ সিং। প্রযুক্তির এই সংযোজন শুধু চুরি আটকাতেই নয়, অভিভাবকদের মানসিক শান্তিতেও বড় ভূমিকা নেবে বলে মনে করছেন ডিলাররা। স্মার্টফোনের যুগে স্মার্ট সাইকেল সুরক্ষার ক্ষেত্রে এটি নতুন দিগন্ত খুলবে বলে আশা করছেন সবাই। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)


