দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: আন্তর্জাতিক ম্যারাথন দৌড়ের মধ্য দিয়ে রবিবার থেকে শুরু হয়ে গেল পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরে ক্লাব সমন্বয়ের উদ্যোগে দুর্গাপুর স্পোর্টস কার্নিভাল। সকালে ‘একতার জন্য দৌড়’ থিমে আয়োজিত এই ম্যারাথন প্রতিযোগিতায় শহরজুড়ে ছিল উৎসবের আবহ। ম্যারাথনে মোট চারটি বিভাগ রাখা হয়—২১ কিমি, ১০ কিমি, ৫ কিমি এবং ২ কিমি। দেশের বিভিন্ন রাজ্যের পাশাপাশি ইথিয়োপিয়া থেকেও দৌড়বিদরা অংশ নেন। চারটি বিভাগ মিলিয়ে প্রায় তিন হাজার প্রতিযোগী এদিন দৌড়ে অংশগ্রহণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার জোসে ব্যারেটো, ক্রীড়াবিদ সোমা বিশ্বাস, হিমাশ্রী রায়, মিসেস ইন্ডিয়া সাইনি সরকার-সহ বিশিষ্ট ক্রীড়া ও সমাজ জীবনের প্রতিনিধিরা। ২১ কিমি দৌড়ের পুরুষ বিভাগে ১ ঘণ্টা ৫ মিনিট ২৪ সেকেন্ড সময় নিয়ে চ্যাম্পিয়ন হন পঞ্চানন বেরা। মহিলা বিভাগে ১ ঘণ্টা ১৮ মিনিট ৫৮ সেকেন্ডে দৌড় শেষ করে প্রথম স্থান অধিকার করেন রেনু সিং। ১০ কিমি দৌড়ে পুরুষ ও মহিলা বিভাগে যথাক্রমে চ্যাম্পিয়ন হন শুভম বালিয়ান এবং পূজা ভার্মা।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
সফল প্রতিযোগীদের মধ্যে মোট পাঁচ লক্ষ টাকা আর্থিক পুরস্কার বিতরণ করা হয়। উদ্যোক্তারা জানিয়েছেন, এই স্পোর্টস কার্নিভালে ম্যারাথনের পাশাপাশি ব্যাডমিন্টন, বাস্কেটবল, খো-খো, টেবিল টেনিস, ফুটবল, ক্রিকেট-সহ একাধিক ক্রীড়া ইভেন্ট আয়োজিত হবে। এই কার্নিভালে সহযোগিতা করছে বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন। আগামী দিনগুলিতে প্রাক্তন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়, অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়-সহ ক্রীড়া ও বিনোদন জগতের বহু বিশিষ্ট ব্যক্তিত্বের উপস্থিতি থাকার কথা। আগামী ১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই ক্রীড়া কার্নিভাল। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)