অভিভাবকদের নিয়ে স্কুলে বিশেষ কর্মসূচী, বাল্যবিবাহ ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সরব হওয়ার ডাক

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: স্টুডেন্টস উইক ২০২৬ উপলক্ষে পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের নেপালি পাড়া হিন্দি হাই স্কুল (উচ্চ মাধ্যমিক)-এ অনুষ্ঠিত হল এক তাৎপর্যপূর্ণ অভিভাবক-শিক্ষক বৈঠক (পিটিএম) ও কমিউনিটি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল স্বাস্থ্য ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা এবং বাল্যবিবাহ ও শিশু যৌন নির্যাতনের মতো গুরুতর সামাজিক সমস্যার বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি করা।

এই অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় সমাজের প্রতিনিধিরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। আলোচনাসভা ও সচেতনতামূলক বক্তব্যের মাধ্যমে শিশুদের শারীরিক ও মানসিক সুরক্ষা, বিদ্যালয়ে নিরাপদ পরিবেশ বজায় রাখা, বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব এবং শিশুদের প্রতি যেকোনো ধরনের যৌন নির্যাতন প্রতিরোধে পরিবার ও সমাজের সম্মিলিত দায়িত্ব নিয়ে বিশদ আলোচনা করা হয়।

(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)

বিশেষভাবে অভিভাবকদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে বিদ্যালয় ও পরিবারের যৌথ ভূমিকার উপর গুরুত্ব আরোপ করা হয়। বাস্তব অভিজ্ঞতা ও উদাহরণ তুলে ধরে অভিভাবকদের আরও সচেতন, সংবেদনশীল ও দায়িত্বশীল ভূমিকা নেওয়ার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. কালিমুল হক বলেন, “শিশুরা আমাদের সমাজের ভবিষ্যৎ। তাদের নিরাপত্তা, স্বাস্থ্য ও মর্যাদা রক্ষা করা সকলের সম্মিলিত দায়িত্ব। বাল্যবিবাহ ও শিশু যৌন নির্যাতনের বিরুদ্ধে লড়াইয়ে পরিবার, বিদ্যালয় ও সমাজকে একসাথে এগিয়ে আসতে হবে।”

তিনি আরও জানান, আগামী দিনেও বিদ্যালয়ের পক্ষ থেকে নিয়মিতভাবে এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করা হবে, যাতে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ইতিবাচক মানসিকতা ও সামাজিক সচেতনতা আরও দৃঢ় হয়। অভিভাবক ও স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়। উপস্থিত সকলেই একমত হন যে, এ ধরনের উদ্যোগ সমাজে সচেতনতা বৃদ্ধি করে একটি নিরাপদ, সুস্থ ও মানবিক পরিবেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

error: Content is protected !!