দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের ডিএসপি টাউনশিপে ফের ধসের ঘটনায় তীব্র আতঙ্ক ছড়াল। বৃহস্পতিবার ডিএসপি টাউনশিপের এ-জোনের কনিষ্ক রোডের পাশে, দুর্গাপুর ইস্পাত কারখানাগামী প্রধান রাস্তার ধারে অল্প জায়গা জুড়ে আচমকা ধস নামে। প্রথমে ছোট একটি গর্ত দেখা গেলেও কয়েক মিনিটের মধ্যেই ধসের এলাকা ধীরে ধীরে বাড়তে থাকে, যা দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা। মুহূর্তের মধ্যেই সেখানে ভিড় জমে যায়।
প্রত্যক্ষদর্শীদের দাবি, উপরিভাগে গর্তের আকার তুলনামূলক ছোট হলেও নিচের দিকে অনেকখানি জায়গা ফাঁকা হয়ে গিয়েছে। ফলে বড়সড় বিপদের আশঙ্কা করছেন এলাকাবাসী। খবর পেয়ে দ্রুত দুর্গাপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে দেয় এবং সাধারণ মানুষের চলাচল নিয়ন্ত্রণ করা হয়। স্থানীয় প্রশাসনের পাশাপাশি দুর্গাপুর ইস্পাত কারখানা-র আধিকারিকদেরও বিষয়টি জানানো হয়। ডিএসপি কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, পরিস্থিতি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন আগেই সেকেন্ডারি মোড় সংলগ্ন এলাকা এবং সি আর দাস–কনিষ্ক সংযোগস্থলেও বড় ধরনের ধসের ঘটনা ঘটেছিল। দুর্গাপুরের ৯ নম্বর ওয়ার্ডের অধীন কনিষ্ক মোড় সংলগ্ন এলাকায় পরপর এই ধরনের ধসের ঘটনায় স্বাভাবিকভাবেই স্থানীয় বাসিন্দাদের মধ্যে গভীর উদ্বেগ ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। বাসিন্দাদের দাবি, দ্রুত স্থায়ী সমাধান না হলে ভবিষ্যতে বড় দুর্ঘটনার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)



