সুন্দরমের উদ্যোগে বয়ঃসন্ধিকালীন সচেতনতার বার্তা দুর্গাপুরের স্কুলে স্কুলে

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

‘বেধড়ক বোলো’ কর্মশালায় ছাত্রীরা পেল খোলামেলা কথা বলার সাহস

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: একটি শিশুর জীবন প্রাপ্তবয়স্কতায় পৌঁছনোর পথে নানা ধাপ অতিক্রম করে, যার মধ্যে সবচেয়ে সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ ধাপ হল বয়ঃসন্ধিকাল। এই সময়ে শারীরিক ও মানসিক নানা পরিবর্তন নিয়ে অজ্ঞতা থেকেই অনেক সময় তৈরি হয় ভয়, সংকোচ কিংবা অবসাদ। সেই অন্ধকার দূর করতেই বয়ঃসন্ধিকালীন সচেতনতা গড়ে তুলতে বিশেষ উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন দুর্গাপুর সুন্দরম ক্রিয়েটিভ ওয়েলফেয়ার সোসাইটি।

শনিবার পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের রাইরানী দেবী গার্লস হাইস্কুলে এনএসপিসিএল-এর সহযোগিতায় সুন্দরমের উদ্যোগে আয়োজিত হয় সচেতনতামূলক কর্মশালা ‘বেধড়ক বোলো’। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক-শিক্ষিকা, ছাত্রীদের পাশাপাশি এনএসপিসিএল ও দুর্গাপুর সুন্দরমের আধিকারিকরা। এই কর্মশালায় বয়ঃসন্ধিকালে ছাত্রছাত্রীরা যে সব শারীরিক সমস্যা, মানসিক টানাপোড়েন ও নানা কৌতূহলের মুখোমুখি হয়, সে সব বিষয় খোলামেলা ভাবে আলোচনা করা হয়। চিকিৎসক ও কাউন্সেলরদের মাধ্যমে পড়ুয়াদের দেওয়া হয় সঠিক তথ্য ও দিশা। পাশাপাশি আত্মবিশ্বাস বাড়ানো এবং নিজের কথা নির্ভয়ে প্রকাশ করার গুরুত্বও তুলে ধরা হয়।

কর্মশালার গুরুত্বপূর্ণ ভিডিয়ো দেখতে এখানে ক্লিক করুন

https://www.facebook.com/share/v/1Dba5PYQYC/

এনএসপিসিএল কর্তৃপক্ষ জানান, তাঁদের সিএসআর প্রকল্পের আওতায় দুর্গাপুরের বিভিন্ন সরকারি স্কুলে এই ধরনের সচেতনতা কর্মশালা আয়োজন করা হচ্ছে। দুর্গাপুর সুন্দরমের প্রতিষ্ঠাতা মানস সরখেল বলেন, “আমরা বিভিন্ন স্কুলে এই শিবির করছি। অন্য কোনও স্কুল আগ্রহী হলে সেখানেও যাব। চিকিৎসক ও কাউন্সেলররা পড়ুয়াদের সচেতন করেন, পাশাপাশি প্রয়োজনীয় হেলথ কিটও দেওয়া হয়। তিনি আরও জানান, কর্মশালায় অংশগ্রহণকারী ছাত্র ছাত্রীদের মধ্যে সমীক্ষা করে দেখে নেওয়া হয় তারা কতটা শিখল। তারপরে ফের তাদের নিয়ে ক্লাস হয়।

জানা গিয়েছে, ছাত্রীদের কিট ব্যাগে থাকছে শ্যাম্পু, কন্ডিশনার, টুথ পেস্ট, টুথ ব্রাশ, জিভছোলা, সাবান, স্যানটাইজার, তোয়ালে, স্যানিটারি ন্যাপকিন, অ্যান্টিসেপটিক লোশন, ইয়ার বাডস, হেয়ার অয়েল, তুলো প্রভৃতি। অন্যদিকে, ছাত্রদের কিট ব্যাগে থাকছে শ্যাম্পু, কন্ডিশনার, টুথ পেস্ট, সাবান, স্যানটাইজার, তোয়ালে, অ্যান্টিসেপটিক লোশন, ইয়ার বাডস, হেয়ার অয়েল, তুলো, শেভিং জেল, রেজর প্রভৃতি। এছাড়া, ছাত্র ও ছাত্রীদের দুটি গুরুত্বপূর্ণ হ্যান্ডবুকও প্রদান করা হয়।

কর্মশালায় অংশ নিয়ে অষ্টম শ্রেণির ছাত্রী অনুশ্রী গড়াই জানায়, এই আয়োজন তার কাছে খুবই শিক্ষামূলক। অনেক অজানা বিষয় জানতে পেরেছে সে, যা ভবিষ্যতে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে সাহায্য করবে। স্কুলের শিক্ষিকা মল্লিকা সাহা বলেন, “এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ। ছেলে-মেয়ে, সবার এই বয়সের পরিবর্তনের বিষয়টি সঠিক ভাবে জানা উচিত। এর ফলে তারা নিজেদের সুরক্ষিত রাখতে পারবে, স্বাস্থ্য সচেতন থাকতে হবে। পাশাপাশি, সমাজে এখনও যে সমস্ত অবৈজ্ঞানিক সংস্কার চলে আসছে, সেই সব বিষয়েও সচেতনতার বার্তা দিতে পারবে তারা।” আয়োজকদের মতে, ‘বেধড়ক বোলো’ কর্মশালা ছাত্রছাত্রীদের সঠিক মানসিক ও শারীরিক বিকাশে সহায়ক হয়ে উঠবে এবং জীবনের গুরুত্বপূর্ণ এই সময়টা তারা আরও দৃঢ়ভাবে সামলাতে পারবে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

error: Content is protected !!