দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের নকল নম্বর প্লেট ব্যবহার করে ট্রাক চালানোর চাঞ্চল্যকর ঘটনা সামনে এল। শনিবার দুর্গাপুরের ২৯ নম্বর ওয়ার্ডের সগড়ভাঙা কলোনির গোল পার্ক এলাকায় স্থানীয়দের তৎপরতায় ধরা পড়েন এক ট্রাকচালক। অভিযোগ, একটি ট্রাকে ব্যবহার করা হচ্ছিল মোট তিনটি নম্বর প্লেট—একটি আসল ও দু’টি নকল।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় একাধিক কারখানা রয়েছে। পণ্য পরিবহণের জন্য প্রতিদিন বহু ট্রাক যাতায়াত করে। বাসিন্দাদের অভিযোগ, বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় কয়েকদিন আগেই এক ব্যক্তি গুরুতর জখম হন, তবে নম্বর চিহ্নিত না হওয়ায় ট্রাকটির খোঁজ মেলেনি। শনিবার সকালে স্থানীয় বাসিন্দা বিকাশ ঘটক লক্ষ্য করেন, স্কুটিতে এসে এক ব্যক্তি দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের নম্বর প্লেট বদলাচ্ছেন।
https://youtu.be/S6aLWtSuXsU
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
সন্দেহ হওয়ায় তিনি কাছে গিয়ে দেখেন, সেখানে আরও একটি নম্বর প্লেট রয়েছে। প্রশ্ন করতেই অভিযুক্ত পালানোর চেষ্টা করে। সঙ্গে সঙ্গে বিকাশ ও আশপাশের লোকজন তাঁকে ধরে ফেলেন এবং খবর দেন থানায়। বিকাশ ঘটক জানান, “একটি ট্রাকে তিনটি নম্বর প্লেট রাখা মানেই বড়সড় অপরাধ। দুর্ঘটনা ঘটলে যাতে ট্রাকের পরিচয় না মেলে, সেই উদ্দেশ্যেই নকল নম্বর ব্যবহার করা হচ্ছিল।” খবর পেয়ে কোকওভেন থানার পুলিশ ও মুচিপাড়া ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশ জানায়, নকল নম্বর প্লেট ব্যবহার সম্পূর্ণ বেআইনি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)