মর্মান্তিক! শক্তিগড়ে দুর্ঘটনায় মৃত দুর্গাপুরের বাবা-মা ও ছেলে

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

সুজয় ভট্টাচার্য, দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের সিটি সেন্টারের ২৬ নম্বর সারদামণি পথের বিশাল বাড়িটা আজ অস্বাভাবিকভাবে নীরব। বাড়ির সামনে দাঁড়িয়ে কয়েকজন আত্মীয়-পরিজন ও প্রতিবেশী বারবার মোবাইলে যোগাযোগের চেষ্টা করছেন—কিন্তু যাঁদের ফোন ধরার কথা, তাঁরা আর কেউই নেই। এই বাড়ির গৃহকর্তা শেখ মহম্মদ মুর্শেদ (৫৫), গৃহকর্ত্রী রেজিনা খাতুন (৫১) এবং তাঁদের একমাত্র ছেলে শেখ সাহানাওয়াজ (২৭)—তিনজনেই মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। একটি পরিবারের তিনটি জীবন এক মুহূর্তে থেমে যাওয়ায় গোটা এলাকা শোকস্তব্ধ।

https://youtu.be/PJLCGOZRlBw

পরিবার সূত্রে জানা গিয়েছে, ছেলেকে বিমানে তুলে দিতে বাবা-মা গাড়িতে করে দুর্গাপুর থেকে কলকাতা বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়েছিলেন। ভবিষ্যৎ গড়ার স্বপ্ন নিয়ে সাহানাওয়াজ যাচ্ছিলেন বাইরে। বাবা-মার চোখে ছিল গর্ব আর আশীর্বাদের ছায়া। কিন্তু সেই যাত্রাই হয়ে উঠল তাঁদের শেষ যাত্রা। পূর্ব বর্ধমান জেলার শক্তিগড় এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্যাঙ্কারের পিছনে তাঁদের গাড়িটি সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে তিনজনকেই গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকদের আপ্রাণ চেষ্টা সত্বেও শেষরক্ষা হয়নি— তিনজনকেই মৃত ঘোষণা করা হয়।গাড়ির চালক গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)

দুর্গাপুরের সারদামণি পথের সেই বাড়িতে আজ শুধু স্মৃতি আর শ্বাসরুদ্ধ করা শোক। একটি পরিবারের স্বপ্ন, আশা, ভবিষ্যৎ—সবকিছু মুহূর্তে থেমে গেল এক নির্মম দুর্ঘটনায়। প্রতিবেশীরা বলছেন, “এমন হৃদয়বিদারক ঘটনা আগে কখনও দেখিনি। বিশ্বাসই হচ্ছে না, একই পরিবারের তিনজন একসঙ্গে চলে গেলেন।” একটি বাড়ি আজ খাঁ খাঁ করছে। আশপাশে শুধু চরম শূন্যতা। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

error: Content is protected !!