দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: এসআইআর-এর নামে সাধারণ মানুষকে হেনস্থা করা হচ্ছে—এই অভিযোগকে সামনে রেখে রবিবার পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার কাঁকসার গোপালপুরে প্রতিবাদ সভার আয়োজন করল তৃণমূল কংগ্রেস। কাঁকসা ব্লক তৃণমূলের উদ্যোগে আয়োজিত এই সভায় বিপুল সংখ্যক মতুয়া সম্প্রদায়ের মানুষ অংশ নেন এবং বিজেপির বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন সাংসদ মমতাবালা ঠাকুর, মন্ত্রী প্রদীপ মজুমদার, মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ (শিক্ষা) বৈশাখী বন্দ্যোপাধ্যায়-সহ দলের একাধিক নেতা-কর্মী। সভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপির কড়া সমালোচনা করেন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। তিনি বলেন, “গুজরাটের দুই নেতা নরেন্দ্র মোদি ও অমিত শাহ বাংলার সংস্কৃতি, কৃষ্টি এবং স্বাধীনতা আন্দোলনের ঐতিহ্যকে হিংসা করেন। তাই নানা ভাবে বাংলার মানুষকে নির্যাতনের চেষ্টা চালাচ্ছেন।”
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
এসআইআর তালিকায় মতুয়াদের নাম বাদ পড়া প্রসঙ্গে তিনি আরও বলেন, “দীর্ঘদিন ধরে এই মানুষগুলি এখানে বসবাস করছেন। আমরা তাঁদের কখনও বিদেশি মনে করি না। কিন্তু বিজেপি একদিকে তাঁদের বিদেশি বলে দাগাতে চায়, অন্যদিকে সিএএ এনে নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতিও রাখতে পারেনি। এভাবেই সাধারণ মানুষকে জ্বালিয়ে মারছে বিজেপি। তবে মানুষ সব দেখছে এবং তার জবাব দেবে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)


