WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: দুর্গাপুর-ফরিদপুর ব্লক তৃণমূলের সভাপতি শতদীপ ঘটক-কে তোলাবাজি ও সন্ত্রাসের অভিযোগে রবিবার গভীর রাতে গ্রেফতার করল পুলিশ। সোমবার তাঁকে দুর্গাপুর আদালতে তোলা হলে বিচারক জামিনের আবেদন খারিজ করে জেল হেফাজতের নির্দেশ দেন। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগই “সম্পূর্ণ ভিত্তিহীন” বলে দাবি করেছেন শতদীপ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, লাউদোহা এলাকার বাসিন্দা শতদীপের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই হুমকি দিয়ে তোলাবাজি, বিজেপি কর্মীদের ভয় দেখানো এবং সাধারণ মানুষকে উসকানি দেওয়ার অভিযোগ জমা পড়ছিল। ২০২৪ সালের জানুয়ারিতে তাঁকে দুর্গাপুর-ফরিদপুর ব্লক তৃণমূলের সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল। অভিযোগ, সেই সময় রাজ্যে তৃণমূল সরকার থাকায় পুলিশ কোনও পদক্ষেপ করেনি। রাজ্যের রাজনৈতিক পালাবদলের পরেই তদন্তে গতি আসে।

আদালতে নিয়ে যাওয়ার পথে শতদীপ দাবি করেন, ২০২১ সালের বিধানসভা ভোট পরবর্তী হিংসা এবং তোলাবাজির মামলায় তাঁকে ফাঁসানো হয়েছে। তাঁর কথায়, “আমার বিরুদ্ধে আনা অভিযোগের কোনও ভিত্তি নেই। ২০২১ সালে বাবার মৃত্যুর পরে আমি মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। তখন আমি দলের কোনও পদেও ছিলাম না। কেন আমাকে গ্রেফতার করা হল, বুঝতে পারছি না।”

এদিকে, তাঁকে আদালতে নিয়ে আসার সময় কয়েকজন উপস্থিত ব্যক্তি ‘চোর চোর’ স্লোগান দিতে শুরু করেন। পরিস্থিতি সামাল দিতে দ্রুত হস্তক্ষেপ করে পুলিশ।

অন্যদিকে, একই দিনে দুর্গাপুর পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর ধৃতি বন্দ্যোপাধ্যায় জালান-এর স্বামী তথা তৃণমূল নেতা সৌগত মুখোপাধ্যায়-কেও গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধেও একাধিক অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।