কল্পতরু মেলার দখল নিয়ে তৃণমূলের দ্বন্দ্বে চরম বিপাকে ব্যবসায়ীরা

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের গ্যামন এলাকায় আগামী ১লা জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা ঐতিহ্যবাহী কল্পতরু মেলার। ৫৭ বছরের প্রাচীন এই মেলাকে ঘিরে ইতিমধ্যে খুঁটি পুজো সম্পন্ন হয়েছে। কিন্তু তার পরপরই মেলার প্রস্তুতি নিয়ে তৈরি হয়েছে উত্তেজনা ও অনিশ্চয়তা। মেলার পাশেই দুর্গাপুর সাংস্কৃতিক মেলা কমিটির পক্ষ থেকে একটি বুকিং কাউন্টার খোলা হলেও সেখানে বর্তমান কমিটির কোনও সদস্যকে দেখা যাচ্ছে না। অভিযোগ, বরং সেই কাউন্টারের আশপাশে পুরনো কমিটির সদস্যরা ঘুরে বেড়াচ্ছেন।

এই পরিস্থিতিকে কেন্দ্র করে শুরু হয়েছে প্রশাসনিক ও রাজনৈতিক টানাপোড়েন। মেলার বর্তমান মেলা কমিটির সভাপতি তথা দুর্গাপুর নগর নিগমের প্রশাসকমণ্ডলীর চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায় বিষয়টি নিয়ে রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, মন্ত্রী প্রদীপ মজুমদার, বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীকে জানিয়েছেন। তবে মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, “মেলা নিয়ে কিছুটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে বলে চেয়ারপার্সেন জানিয়েছেন। আমি আগেই বলেছিলাম, যদি এই ধরনের সমস্যা হয়, তাহলে টেন্ডার ডেকে দায়িত্ব দিয়ে দেওয়া ভাল। কী হয়েছে ঠিক জানা নেই। যাতে দ্রুত সমস্যার সমাধান হয়, সেটাই চাইব।”

(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)

এদিকে এই পরিস্থিতিকে হাতিয়ার করে শাসক দল তৃণমূল কংগ্রেসকে তীব্র কটাক্ষ করেছে বিজেপি। বর্ধমান-দুর্গাপুর সাংগঠনিক জেলা বিজেপির সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, “যেদিন থেকে কল্পতরু মেলা দুর্গাপুর নগর নিগমের হাতে গিয়েছে, সেদিন থেকেই গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়েছে। তৃণমূলের এক পক্ষ বলছে তাদের কাছেই বুকিং করতে হবে, অন্য পক্ষ আবার বলছে বুকিং হবে তাদের মাধ্যমে। এমনকি চেয়ারপার্সেনকেও পুলিশের কাছে অভিযোগ জানাতে হচ্ছে। এতে তৃণমূলের অন্দরের অবস্থা স্পষ্ট হয়ে যাচ্ছে।”

এদিকে এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন মেলায় দোকান দেওয়ার প্রস্তুতি নেওয়া ব্যবসায়ীরা। তাঁদের বক্তব্য, তাঁরা বুঝতেই পারছেন না কে দায়িত্বে রয়েছে। সব মিলিয়ে নতুন বছরের শুরুতে দুর্গাপুরের গর্বের কল্পতরু মেলা আদৌ নির্ধারিত সময়ে এবং সুষ্ঠুভাবে শুরু হবে কি না, তা নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দিচ্ছে বলে অনেকের মত। এখন সকলের নজর প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও মেলার কাজ কবে শুরু হয়, সেদিকে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

error: Content is protected !!