পশ্চিমে চমক, পূর্বে ভরসা—দুর্গাপুরে তৃণমূলের ডাবল স্ট্র্যাটেজি

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে বড়সড় চমক দিয়ে তৃণমূল প্রার্থী করেছে ব্যবসায়ী কবি দত্তকে। নিজেকে রাজনীতির বাইরের মানুষ বলেই পরিচয় দিতেন। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ার পর থেকেই প্রশাসনিক দায়িত্বে তাঁর উত্থান শুরু। দুর্গাপুর মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান থেকে শুরু করে আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান ও পরে চেয়ারম্যান—ধাপে ধাপে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন তিনি।

প্রার্থী ঘোষণার পরই বদলে গেল চেনা ছবি—দেওয়ালে ‘ঘাসফুল’ আঁকা থেকে মিছিলে সক্রিয় অংশগ্রহণ, কবি দত্তের বডি ল্যাঙ্গুয়েজে রাজনীতির ময়দানে নামার প্রস্তুতি স্পষ্ট। ২০১১ সালের পর এই কেন্দ্রে জয় পায়নি তৃণমূল, ফলে লড়াই যে কঠিন, তা মানছেন কবি নিজেও। মূল প্রতিপক্ষ বিজেপির লক্ষ্মণ ঘোড়ুইকে ‘বন্ধু’, ‘লক্ষ্মণদা’ সম্বোধন করে তিনি বন্ধুত্বপূর্ণ লড়াইয়ের বার্তাও দিয়েছেন।

(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)  

অন্যদিকে, দুর্গাপুর পূর্ব কেন্দ্রে ভরসার মুখ হিসেবেই আবার প্রার্থী করা হয়েছে প্রদীপ মজুমদারকে। ২০১৬-তে পরাজয়ের পর ২০২১-এ জয়, এরপর রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় দফতরের মন্ত্রী হিসেবে দায়িত্ব—এই অভিজ্ঞতার উপরই ভরসা রেখেছে দল। নিজের কাজের রিপোর্ট কার্ড সামনে রেখে প্রদীপের দাবি, উন্নয়ন ও মানুষের পাশে থাকার রাজনীতিই তাঁর মূল শক্তি। একদিকে নতুন মুখের চমক, অন্যদিকে অভিজ্ঞতার ভরসা—দুর্গাপুরের দুই কেন্দ্রে তৃণমূলের এই দ্বিমুখী কৌশল এখন নজরে রাজনৈতিক মহলের। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

error: Content is protected !!