WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৭ সেপ্টেম্বর: পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে রেলের গুডস সাইটের উড়ালপুলের নিচে উদ্ধার হল পচাগলা এক অজ্ঞাতপরিচয় যুবকের দেহ। রবিবার সকালে কোকওভেন থানা এলাকার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের দাবি, পাশের একটি ভাঙাচোরা বাড়ি থেকে দেহটি টেনে বের করে আনার দাগ রয়েছে। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।

পরিচয় জানার পাশাপাশি কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, কতদিন আগে মৃত্যু হয়েছে কিংবা কীভাবে দেহটি ওই জায়গায় পৌঁছল—এই প্রশ্নগুলির উত্তর খুঁজছে পুলিশ। জানা গিয়েছে, রেলের ওই গুডস সাইটে মাঝেমধ্যেই খালি ট্রাক দাঁড়িয়ে থাকে। ট্রাকচালকদের কেউ কেউ পাশের ওই বাড়িটিতে থাকেন বলেও স্থানীয় সূত্রে জানা যাচ্ছে। 

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কোকওভেন থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করে পুলিশ। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট হাতে না আসা পর্যন্ত মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয় বলে জানিয়েছে পুলিশ। ফলে ঘটনাটি খুন, দুর্ঘটনা নাকি অন্য কোনও কারণে মৃত্যু—এই মুহূর্তে কোনও সম্ভাবনাকেই চূড়ান্ত বলে মানছে না তদন্তকারীরা।

আরও পড়ুন: গুগল ম্যাপের দেখানো পথে গিয়ে বাইক সহ খাদে, সারারাত ‘নিখোঁজ’ যুবক!