“ভোটদান অধিকার, রক্তদান দায়িত্ব”—Gen Z–কে মানবিকতার বার্তা দিল দুর্গাপুরের সচেতনতা সভা

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: নতুন প্রজন্মকে সামাজিক দায়িত্ববোধে উদ্বুদ্ধ করতে পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরে অনুষ্ঠিত হল এক ব্যতিক্রমী সচেতনতা সভা। দুর্গাপুর মহকুমা ভলান্টারী ব্লাড ডোনার্স ফোরাম এবং ওয়েস্ট বেঙ্গল ভলান্টারী ব্লাড ডোনার্স সোসাইটি (WBVBDS)-এর যৌথ উদ্যোগে রবিবার বিধাননগর সংস্কৃতি কেন্দ্রের সভাকক্ষে আয়োজিত হয় এই বিশেষ কর্মসূচি। অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল Gen Z প্রজন্মের কাছে দুটি গুরুত্বপূর্ণ বিষয়—ভোটাধিকার প্রয়োগ এবং স্বেচ্ছা রক্তদানের গুরুত্ব—তুলে ধরা। সভার মূল স্লোগান ছিল, “ভোটদান আপনার অধিকার, রক্তদান আপনার দায়িত্ব।” সমগ্র মহকুমা থেকে ৮২ জন সমাজকর্মী এই উদ্যোগে অংশ নেন।

আসন্ন গ্রীষ্মকাল এবং নির্বাচন-পরবর্তী সময়ে ব্লাড সেন্টারগুলিতে রক্তের ঘাটতি বড় সমস্যা হয়ে দাঁড়ায়। সেই সংকট মোকাবিলায় সদ্য ১৮ বছরে পা দেওয়া তরুণ-তরুণীদের রক্তদানে উৎসাহিত করাই ছিল এই সভার প্রধান লক্ষ্য। এ বছর কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উপলক্ষে তাঁর বিখ্যাত কবিতা “আঠারো বছর বয়স”-এর ভাবধারাকে সামনে রেখে তরুণ প্রজন্মকে মানবিক দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।

(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)

সংগঠনের পক্ষ থেকে বিশেষ আবেদন জানানো হয়েছে—নতুন ভোটাররা যেন ভোট দেওয়ার পর হাতে ভোটের কালি নিয়েই রক্তদানে এগিয়ে আসেন। এই উদ্যোগকে সহজ করতে WBVBDS ইতিমধ্যেই একটি QR কোড চালু করেছে, যার মাধ্যমে নতুন রক্তদাতারা তাঁদের তথ্য ও ছবি নথিভুক্ত করতে পারবেন। এই তরুণ রক্তদাতাদের নিয়েই আগামী ১৪ জুন, ২০২৬ বিশ্ব রক্তদাতা দিবস উদযাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

সভায় মূল প্রস্তাব পেশ করেন দুর্গাপুর মহকুমা ভলান্টারী ব্লাড ডোনার্স ফোরামের সম্পাদক রাজেশ পালিত। প্রস্তাবের উপর বক্তব্য রাখেন ১১ জন সংগঠক। মানবিক আন্দোলনকে আরও শক্তিশালী করার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন WBVBDS-এর সাধারণ সম্পাদক কবি ঘোষ। উপস্থিত ছিলেন রক্তদান আন্দোলনের পরিচিত মুখ রঞ্জন ব্যানার্জী, শর্মিলা ঘোষ, সুলতা দাস, মধুসূদন ঘটক-সহ বিশিষ্টরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইনজীবী আইয়ুব আনসারী। আয়োজক সংস্থাগুলির বিশ্বাস—নতুন প্রজন্মকে মানবিকতা ও সমাজসেবার সঙ্গে যুক্ত করতে স্বেচ্ছা রক্তদান আন্দোলনই অন্যতম শক্তিশালী মাধ্যম। এই ধরনের উদ্যোগের মাধ্যমেই সমাজে ঐক্য, দেশপ্রেম এবং পরোপকারের চেতনা আরও দৃঢ় হবে বলে মত সংশ্লিষ্টদের। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

error: Content is protected !!