দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার পাণ্ডবেশ্বরে বাড়ি নিয়ে ভাইরাল ভিডিও ঘিরে তৃণমূল ও বিজেপির মধ্যে রাজনৈতিক তরজা যখন চরমে, ঠিক তখনই রহস্যমৃত্যু এক মহিলার। বিজেপি ও তৃণমূলের দড়ি টানাটানির আবহে শনিবার দুপুরে পাণ্ডবেশ্বর থানার হুচুকডাঙা এলাকার বাসিন্দা সুন্দরা সূত্রধর (৪০)-এর ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। তৃণমূল ও বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে অশান্তি শুরু হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কয়েকদিন আগেই বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি অভিযোগ করেছিলেন, সুন্দরা দেবী একটি ভাঙা গোয়ালঘরে বসবাস করছেন। সেই সংক্রান্ত একটি ভিডিও তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। সেটি ভাইরাল হয়। পাল্টা হিসেবে তৃণমূলের তরফে দাবি করা হয়, মহিলার পাকা বাড়ি রয়েছে এবং ভোটের আগে বিজেপির তরফে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর প্রচার চালানো হচ্ছে। মহিলাকে দিয়ে তেমন একটি ভিডিও বানিয়ে সেটি তৃণমূল পোস্ট করে সোশ্যাল মিডিয়ায়। সেটিও ভাইরাল হয়। রাজনৈতিক চাপানউতোরের মধ্যেই এদিন সুন্দরার অস্বাভাবিক মৃত্যুর জেরে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। তিনি পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। তিনি বলেন, “খুবই দুঃখজনক ঘটনা। আমরা পরিবারের পাশে সব রকমভাবে আছি। আমি ভীষণ মর্মাহত।” মৃতার ছেলে দেব সূত্রধরের দাবি, ভিডিও নিয়ে টানাপোড়েনের জন্য তার মা নার্ভাস হয়ে পড়েছিলেন। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে পুলিশের কাছে লিখিত অভিযোগ জানানো হবে। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)


