অবশেষে স্বস্তি উখড়ায়! বিধায়কের উদ্যোগে শুরু হতে চলেছে বহু প্রতীক্ষিত রেলওয়ে ওভারব্রিজের কাজ

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

চূড়ান্ত নকশা নিয়ে রেলের পরিদর্শন

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) উখড়া এবং পাণ্ডবেশ্বর অঞ্চলের হাজার হাজার মানুষের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। বহু বছর ধরে নাভিশ্বাস তোলা রেলগেটের যন্ত্রণা এবার মিটবে রেলওয়ে ওভার ব্রিজ নির্মাণের মধ্য দিয়ে। পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর উদ্যোগ, সাংসদ শত্রুঘ্ন সিনহার সহযোগিতা ও রেল কর্তৃপক্ষের সক্রিয়তায় প্রকল্পটি অবশেষে সামনে এগোতে শুরু করেছে।

বৃহস্পতিবার রেলের চূড়ান্ত নকশা নিয়ে উখড়া রেলগেট এলাকায় পরিদর্শনে আসেন অজয় কুমারসহ রেলের অন্যান্য আধিকারিকেরা। তাঁদের সঙ্গে ছিলেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। এলাকাবাসীর উপস্থিতিতে ব্রিজের স্ট্রাকচার, প্রবেশপথ, উচ্চতা, নিরাপত্তা ব্যবস্থা, যান চলাচলের সম্ভাব্য চাপ—সব বিষয় নিয়ে বিস্তৃত আলোচনা হয়। বহু বছরের জটিলতা, মাপজোক, প্রশাসনিক কথাবার্তার পর অবশেষে প্রকল্পের রূপরেখা চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোয় স্বস্তির নিশ্বাস ফেলেছেন স্থানীয়রা।

(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)

রেলগেট বন্ধ থাকলে স্কু‍ল, কলেজ থেকে শুরু করে অ্যাম্বুলেন্স পরিষেবা পর্যন্ত থমকে যেত—ফলে প্রতিদিনই সমস্যায় পড়তে হত এলাকার সাধারণ মানুষকে। স্থানীয় বাসিন্দা তরুণ গড়াই বলেন, “এই রেলগেটই ছিল মানুষের মাথাব্যথার প্রধান কারণ। কলেজ-স্কুলে দেরি, রোগীর অ্যাম্বুলেন্স আটকে থাকা—কত সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়েছে! অবশেষে আমাদের দীর্ঘদিনের যন্ত্রণার অবসান হতে চলেছে। বিধায়ক ও সাংসদকে ধন্যবাদ।”

বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী জানান, “এই প্রকল্পের বাস্তবায়ন হলে সাধারণ মানুষের কষ্ট লাঘব হবে তা ভাষায় বলা সম্ভব নয়। আমরা মানুষের সমস্যার কথা জানিয়ে সাংসদকে চিঠি দিয়েছিলাম। সেই চিঠির পরিপ্রেক্ষিতেই রেল বিভাগ উদ্যোগী হয়েছে। আজ রেলের আধিকারিকরা চূড়ান্ত নকশা পরিদর্শন করেছেন—এবং খুব শিগগিরই কাজ শুরু হবে।”

রেল কর্তৃপক্ষের পক্ষ থেকেও জানানো হয়েছে, নিয়ম মেনে ওয়ার্ক অর্ডার এবং সাইট প্রস্তুতির কাজ দ্রুত সম্পন্ন করা হবে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে কয়েক মাসের মধ্যেই নির্মাণের প্রথম ধাপ নজরে আসবে। এক কথায়, বহু বছরের জটিলতার গিঁট খুলে উখড়া ও পাণ্ডবেশ্বরবাসীর দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়নের পথে। এখন সকলের অপেক্ষা—কবে শুরু হবে সেই বহুল প্রত্যাশিত ওভারব্রিজের নির্মাণ কাজ। ( বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

error: Content is protected !!