যত দিন যাচ্ছে, বাড়ছে দুশ্চিন্তা
সুজয় ভট্টাচার্য, দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: চার মাস আগে বাড়ি থেকে বেরিয়ে খেলার মাঠে গিয়েছিল ২০ বছরের সঞ্জয় বাউরি। তারপর আর ফেরেনি সে। পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের ৪১ নম্বর ওয়ার্ডের মহানন্দপল্লীতে ছেলের অপেক্ষায় দিন গুনছেন মা–বাবা। দুশ্চিন্তার প্রহর গুণছেন পরিবার–পরিজনেরা। গত ২৫ আগস্ট নবীন সংঘ স্পোর্টিং ক্লাব সংলগ্ন খেলার মাঠ এলাকা থেকে নিখোঁজ হয় সঞ্জয়। ঘটনার পরপরই পরিবারের পক্ষ থেকে দুর্গাপুরের কোক ওভেন থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। কিন্তু চার মাস কেটে গেলেও সঞ্জয়ের কোনও সন্ধান মেলেনি।
https://youtu.be/W2ckkj-a6Zo
নিখোঁজ যুবকের মা আশা বাউরির চোখে এখন শুধু উৎকণ্ঠা। কান্নাভেজা গলায় তিনি বলেন, “থানায় ডায়েরি করেছি। পুলিশ বলছে খুঁজছে। ছেলের সঙ্গে থাকা মোবাইল ফোনটি উত্তরাখণ্ডে পাওয়া গিয়েছে। এতে আমাদের দুশ্চিন্তা আরও বেড়েছে। থানায় গেলে পুলিশ বলে, ‘আমরা খুঁজছি, আপনারাও খুঁজুন’।” সঞ্জয়ের দাদা বিজয় বাউরি জানান, একাধিকবার থানায় গিয়েও একই উত্তর মিলছে। “আমাদের বলা হচ্ছে, ও অনেক দূরে চলে গেছে, তাই সময় লাগবে। কিন্তু চার মাস তো কম সময় নয়,” আক্ষেপ বিজয়ের।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
পরিবারের দাবি, স্থানীয় যুবক বিজেপি যুব মোর্চার নেতা দীপক দাস পুলিশের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রেখে চলেছেন। প্রতিদিন সকাল হলেই পরিবারের আশা—হয়তো আজই কোনও খবর আসবে। কিন্তু দিন শেষে শেষ হয়ে যায় সব আশা। ছেলেকে দ্রুত খুঁজে বের করার জন্য প্রশাসনের কাছে আরও কার্যকর পদক্ষেপের আবেদন জানিয়েছে বাউরি পরিবার। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)


