দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: ভারতের বিশ্বকাপ জয়ের আনন্দ মুহূর্তেই আতঙ্কে বদলে গেল। ক্রিকেটের উচ্ছ্বাসে যখন দেশের নানা প্রান্তের মতো পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের মানুষও উৎসবে মেতে উঠেছিলেন, তখনই এক অপ্রত্যাশিত ঘটনায় আহত হলেন এক যুবক। রবিবার রাতে ভারত–নিউ জিল্যান্ড ম্যাচে ভারতের জয়ের পর দুর্গাপুরের সিটি সেন্টার এলাকার গোষ্ঠ পাল সরণিতে বাজি ফাটিয়ে আনন্দ উদযাপন করছিলেন স্থানীয় যুবক সৌগত দাশগুপ্ত। অভিযোগ, সেই সময় কাছের একটি ক্লাব থেকে এক ব্যক্তি বেরিয়ে এসে তাঁকে বাজি ফাটাতে নিষেধ করেন এবং অভব্য আচরণ করেন। এই নিয়ে দু’জনের মধ্যে তর্কাতর্কি শুরু হয়।
সৌগতের দাবি, আচমকাই তাঁকে লাথি মেরে ফেলে দেওয়া হয়। তিনি প্রতিবাদ করতেই অভিযুক্ত ব্যক্তি রাস্তা থেকে একটি ইট তুলে তাঁর নাকে আঘাত করেন। ঘটনাস্থলেই রক্তাক্ত হয়ে পড়েন সৌগত। রক্তাক্ত অবস্থায় তিনি সিটি সেন্টার ফাঁড়িতে গিয়ে অভিযোগ জানাতে চাইলে পুলিশ প্রথমে তাঁকে চিকিৎসা করানোর পরামর্শ দেয়। এরপর তাঁকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সোমবার তাঁর নাকের এক্স–রে করা হবে।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
সৌগত জানিয়েছেন, হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পর তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন। সিটি সেন্টার ফাঁড়ির আধিকারিক সুদীপ্ত বিশ্বাস বলেন, আহত অবস্থায় ওই যুবক থানায় এসেছিলেন। তাঁকে চিকিৎসা করিয়ে এসে অভিযোগ জানানোর পরামর্শ দেওয়া হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। আনন্দের রাতে এমন ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)


