দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের Dr. B. C. Roy Engineering College-এ (বিসিআরইসি) টেকসই নির্মাণ প্রযুক্তি ও শিল্পমুখী শিক্ষার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা হল। বিসিআরইসি-এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে ২১ মে ২০২৬ উদ্বোধন হল ‘টেকসই নির্মাণ সামগ্রীর উৎকর্ষ কেন্দ্র’ বা Center of Excellence for Sustainable Construction Materials। আল্ট্রাটেক সিমেন্ট এবং বিসিআরইসি-র যৌথ উদ্যোগে গড়ে ওঠা এই কেন্দ্র ভবিষ্যতের নির্মাণ প্রযুক্তি ও গবেষণার ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিল বলে মনে করা হচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল্ট্রাটেকের উত্তরবঙ্গ বিভাগের আঞ্চলিক প্রধান (কারিগরি) বিশ্বভূষণ বরাল, বিসিআরইসি সোসাইটির সভাপতি ডা. সত্যজিৎ বসু, সাধারণ সম্পাদক তরুণ ভট্টাচার্য, কোষাধ্যক্ষ জার্নেল সিং এবং কলেজের অধ্যক্ষ ড. সঞ্জয় এস. পাওয়ার। এছাড়াও উপস্থিত ছিলেন Dr. B. C. Roy Polytechnic-এর অধ্যক্ষ ড. অরিজিৎ কুমার ব্যানার্জী।

এই সেন্টার অফ এক্সিলেন্স কেন্দ্রটি আসলে ২০২৫ সালের ১০ মে আল্ট্রাটেক সিমেন্ট এবং বিসিআরইসি-এর মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের বাস্তব রূপ। শিল্প ও শিক্ষার মধ্যে আরও কার্যকর সংযোগ গড়ে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থীর সাংস্কৃতি অনুষ্ঠান পরিবেশন করেন। কলেজের অধ্যক্ষ ড. সঞ্জয় এস. পাওয়ার স্বাগত ভাষণে বলেন, শিল্প ও শিক্ষার মেলবন্ধনই শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতায় সমৃদ্ধ করবে।
বিসিআরইসি সোসাইটির সভাপতি ডা. সত্যজিৎ বসু বলেন, “সিভিল ইঞ্জিনিয়ারিং-এর ক্ষেত্রে দক্ষতাই আসল শক্তি। এই সেন্টার অফ এক্সিলেন্স শিক্ষার্থীদের জন্য শেখার গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করবে।” সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ড. সঞ্জয় সেনগুপ্ত জানান, এই কেন্দ্রের মাধ্যমে শিক্ষার্থীরা টেকসই নির্মাণ প্রযুক্তি নিয়ে শিল্পমুখী শিক্ষা ও গবেষণার সুযোগ পাবে। তিনি আরও জানান, পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো বিসিআরইসি-তে নির্মাণ প্রযুক্তি নিয়ে এম.টেক কোর্স চালু হতে চলেছে, যা অন্য কোনও কলেজের পাঠ্যক্রমে নেই।
অনুষ্ঠানে আল্ট্রাটেক সিমেন্ট লিমিটেডের একাধিক আধিকারিকের পাশাপাশি দুর্গাপুরের বিভিন্ন নির্মাণ সংস্থা, ঠিকাদার ও ইঞ্জিনিয়াররাও উপস্থিত ছিলেন। আল্ট্রাটেক সিমেন্ট লিমিটেডের তরফে উপস্থিত ছিলেন বিশ্বভূষণ বরাল, আঞ্চলিক প্রধান (কারিগরি), উত্তরবঙ্গ, মিনহাজ আহমেদ, আরএমসি প্ল্যান্ট প্রধান, দুর্গাপুর, পৃথ্বীশ সেন, ভিএসি আঞ্চলিক প্রধান, পশ্চিমবঙ্গ এবং শেখ আব্দুল ওয়ারেশ, কারিগরি ম্যানেজার, দুর্গাপুর। অনুষ্ঠানে উপস্থিত দুর্গাপুরের বিভিন্ন শিল্প ও নির্মাণ ক্ষেত্রের প্রতিনিধিরা হলেন শুভময় পাঁজা— এসার অয়েল, গণেশ যাদব — ডিরেক্টর, ইউনিক প্রোকর্ন, সুব্রত দত্ত — ডি.এস. স্টিল, সুজিত মারিক — মারিক ইনফ্রাস্ট্রাকচার, অনন্ত কুমার সাহু — স্বত্বাধিকারী, আহানা এন্টারপ্রাইজ, অতুল শর্মা — আর্কিটেক্ট এবং অজয় কুমার সিং — বি.এস. সার্ভিসেস। কলেজ কর্তৃপক্ষ তাঁদের সবাইকে সংবর্ধনা জানান। অনুষ্ঠানের শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক অমিত কোটাল।



