
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: দুর্গাপুরের দামোদর নদ আবারও কেড়ে নিল এক কিশোরের প্রাণ। সোমবার সকালে বন্ধুদের সঙ্গে স্নান করতে নেমে মর্মান্তিক মৃত্যু হল ১৫ বছরের আয়ুশ শর্মার। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। মৃত আয়ুশ সিনেমা হল রোড এলাকার বাসিন্দা। সে বিধাননগরের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র ছিল বলে জানা গিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে তিন বন্ধু মিলে দামোদর নদে স্নান করতে যায়। আচমকাই গভীর জলে চলে যায় আয়ুশ। সাঁতার না জানার কারণে মুহূর্তের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সে এবং জলের তলায় তলিয়ে যেতে থাকে। বন্ধুরা প্রথমে তাকে বাঁচানোর চেষ্টা করলেও সফল হয়নি। তাদের চিৎকার শুনে আশেপাশের মানুষ ছুটে আসেন। শুরু হয় তড়িঘড়ি খোঁজাখুঁজি।
দীর্ঘক্ষণ তল্লাশির পর স্থানীয়দের সহযোগিতায় নদী থেকে উদ্ধার করা হয় কিশোরের নিথর দেহ। তড়িঘড়ি তাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই হাসপাতালে ভিড় জমান পরিবারের সদস্য ও আত্মীয়রা। একমাত্র ছেলেকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন বাবা-মা। সহপাঠী ও প্রতিবেশীদের মধ্যেও নেমে এসেছে গভীর শোকের ছায়া।

