WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: সাত সকালে ভয়াবহ দুর্ঘটনা অন্ডালে এবং দুর্গাপুরের ১৯ নম্বর জাতীয় সড়কের হেভি মোড়ে। শুক্রবার সকালে ১৯ নম্বর জাতীয় সডকের বর্ধমানগামী লেন ধরে বেপরোয়া গতিতে ছুটছিল একটি কন্টেনার। চালক নিয়ন্ত্রণ হারিয়ে অন্ডালে একটি ইট বোঝাই ট্রাক্টরকে ধাক্কা মারে। ইটের নীচে চাপা পড়ে গুরুতর জখম হন ২ জন।

পুলিশ আসতেই বিপদ বুঝে কন্টেনারের গতি আরও বাড়িয়ে দেয় চালক। শেষ পর্যন্ত নিয়ন্ত্রণ হারিয়ে দুর্গাপুরে এমএএমসি ব্রিজের কাছে উল্টে যায় কন্টেনারটি। রাস্তার ধারে একটি বাড়ির উপরে গাছে আটকে কার্যত ঝুলতে থাকে কন্টেনারটি। ভেঙে যায় বাড়ির পাঁচিল। ভাগ্যের জেরে বেঁচে যায় পরিবারটি। 

পুলিশ এসে চালককে আটক করে। স্থানীয়দের অভিযোগ, চালক মদ্যপ ছিল। পুলিশ জানিয়েছে, তার স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। পুলিশ কন্টেনারটিকে আটক করেছে। দুর্ঘটনার পরে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, জাতীয় সড়কের ধারেই তাঁদের ঘরবাড়ি। বার বার সড়কের ধারে ধাতব রেলিং দেওয়ার দাবি জানানো হলেও জাতীয় সড়ক কর্তৃপক্ষ কর্ণপাত করেন না। এদিন বড় বিপদ থেকে বেঁচে গেল একটি পরিবার। (বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)