
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের আইএনটিটিইউসি নেতা বান্টি সিং, জয়ন্ত রক্ষিত চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বেকারদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়েছেন। কিন্তু চাকরি দেওয়া হয়নি। এমন অভিযোগ তুলে শুক্রবার বিজেপির নেতৃত্বে কয়েকজন গিয়ে ডিএসপি টাউনশিপের চৈতন্য অ্যাভিনিউ এলাকায় আইএনটিটিইউসি অনুমোদিত দুর্গাপুর স্টিল প্ল্যান্ট মজদুর ইউনিয়ন ভবনের দখল নেন।
এদিন টাকা ফেরতের দাবি নিয়ে হাতে প্লাকার্ড নিয়ে কয়েকজন ওই ভবনে যান। তাঁরা তালা ভেঙে ভিতরে ঢোকেন। আইএনটিটিইউসির ব্যানার ফেলে দেন। টাকা ফেরতের দাবিতে স্লোগান দিতে থাকেন তাঁরা। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি সরিয়ে দেন। এরপর গেটে তালা দিয়ে বেরিয়ে যান তাঁরা। তাঁদের দাবি, এই ভবনটি তাঁরা দখল করলেন।
বিজেপির জেলা মহিলা মোর্চার প্রাক্তন সহ সভাপতি সুমনা ভট্টাচার্য বলেন, দিনের পর দিন বেকারদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। এই দুর্নীতি আর মানা হবে না। স্থানীয়রা প্রতিবাদ করেছেন। আমরা পাশে আছি। রাজ্যে সরকার বদলেছে। হয় টাকা ফেরত দিতে হবে তা না হলে কাজ দিতে হবে। আর এসব অনিয়ম মানা হবে না। খবর পেয়ে দুর্গাপুর থানার পুলিশ বাহিনী সেখানে যায়।
তৃণমূল আইনজীবী সেলের নেতা কল্লোল ঘোষ বলেন, “বিজেপি হল চোর। আমাদের আইএনটিটিইউসি ভবনে তালা ভেঙে ঢুকে মূল্যবান সামগ্রী চুরি করেছে। বিরোধীদের গলা টিপে ধরতে চাইছে। মৌখিকভাবে পুলিশকে বলেছি। বিজেপির দুষ্কৃতীদের বিরুদ্ধে আমরা থানায় লিখিত অভিযোগ করব।”
দুর্গাপুরে দোলা সেনকে কালো পতাকা, তৃণমূল-বিজেপির স্লোগান যুদ্ধ
লাদাখে ৬১০০ মিটার শৃঙ্গ জয়! মাউন্ট কাইগরের শিখরে দুর্গাপুরের কালীসাধন

