WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: লাদাখ হিমালয়ের বরফঢাকা পাহাড়ের বুক চিরে ৬১০০ মিটার উচ্চতার এক কঠিন শিখর। সেখানে পৌঁছনো মানেই শুধু একটি পর্বত জয় নয়, নিজের সীমাবদ্ধতাকে অতিক্রম করার এক অসাধারণ লড়াই। আর সেই লড়াইয়েই সাফল্যের পতাকা উড়িয়েছেন পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর স্টিল প্ল্যান্ট (ডিএসপি)-এর কর্মী কালীসাধন ঘটক।

দুর্গাপুর মাউন্টেনিয়ারিং অ্যাসোসিয়েশনের উদ্যোগে পর্বতারোহীদের একটি দল গত ২১ জুন লাদাখের উদ্দেশে রওনা দেয়। লক্ষ্য ছিল ৬১০০ মিটার উচ্চতার মাউন্ট কাইগর (Mt Kaigar Ri) শিখর। ২৮ জুন সকাল প্রায় ১১টা নাগাদ বহু প্রতীক্ষিত সেই মুহূর্ত আসে। তীব্র ঠান্ডা এবং দুর্গম পথকে জয় করে কালীসাধন ঘটক মাউন্ট কাইগরের শীর্ষে ভারতের তেরঙ্গা ও ক্লাবের পতাকা তুলে ধরেন।

সেই সাফল্যের মুহূর্ত শুধু তাঁর ব্যক্তিগত অর্জন নয়, গোটা দুর্গাপুরের জন্য এক গর্বের অধ্যায় হয়ে রইল। যদিও দলের অন্য সদস্যরা শেষ পর্যন্ত শিখরে পৌঁছতে পারেননি। উচ্চতাজনিত শারীরিক সমস্যার কারণে নিরাপত্তার স্বার্থে তাঁদের ফিরে আসার সিদ্ধান্ত নিতে হয়। তবে পর্বতারোহণে নিরাপদে ফিরে আসাও সমান গুরুত্বপূর্ণ। সেই বিচারে প্রত্যেক সদস্যই দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন।

এই অভিযানে কালীসাধনের সঙ্গে ছিলেন ডিএসপির দুই কর্মী প্রিয়তোষ চক্রবর্তী, সদানন্দ মাহাতো সহ অচিন্ত্য রায়, রাকেশ কুমার সিংহ, সোহম মুখোপাধ্যায়, রেশমী কুমারী, ইন্দ্রনীল চৌধুরী, রামানুজ হাজরা, দুর্গাপুর মাউন্টেনিয়ারিং অ্যাসোসিয়েশনের সম্পাদক সাগর চৌধুরী এবং ক্রিকেট প্রশিক্ষক শিবনাথ রায়। অভিযান শেষ হয়েছে। শনিবার তাঁদের দুর্গাপুরে ফেরার কথা রয়েছে।

দুর্গাপুরে ‘লোক কল্যাণ মেলা’- ছোট পুঁজিতে বড় স্বপ্নের হাতছানি

ঘরে ফিরলেন বিশ্বজয়ী, অন্ডাল বিমানবন্দরে উষ্ণ সংবর্ধনা

ক্যান্সার রোগীদের উন্নত চিকিৎসায় সহযোগিতার হাত এলআইসি-র