WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা যত বাড়ছে, ততই বাড়ছে আর্জেন্টিনা এবং লিওনেল মেসিকে ঘিরে উন্মাদনা। সেই আবহেই পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের ২৪ নম্বর ওয়ার্ডের মামরা বাজারের এক মিষ্টির দোকানে মিষ্টি দিয়ে তৈরি করা হয়েছে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির নজরকাড়া মূর্তি। পথচলতি মানুষ থেকে ফুটবলপ্রেমীরা ভিড় জমাচ্ছেন সেই মূর্তি একবার চোখে দেখার জন্য।

দোকানের সামনে দাঁড়িয়েই অনেকে মোবাইলে ছবি ও সেলফি তুলছেন। কেউ আবার “মেসি, মেসি” কিংবা “ভিভা আর্জেন্টিনা” স্লোগানে মুখর করে তুলছেন গোটা এলাকা। ফুটবলপ্রেমীদের এই উৎসাহে কার্যত উৎসবের আবহ তৈরি হয়েছে মামরা বাজারে।

দোকানের মালিক দেবাশিস ঘোষ জানান, তিনি ছোটবেলা থেকেই আর্জেন্টিনার সমর্থক এবং লিওনেল মেসির একনিষ্ঠ ভক্ত। তাঁর আশা, ২০২২ সালের মতো এবারও বিশ্বকাপের ট্রফি উঠুক মেসির হাতেই। ২০২২ সালেও মেসির মূর্তি বানিয়েছিলেন বলে জানান তিনি। 

তিনি জানান, প্রায় দেড় কেজি খোয়া, ক্ষীর, সাদা ও ডার্ক চকোলেট ব্যবহার করে যত্নের সঙ্গে তৈরি করা হয়েছে এই মূর্তি। শুধু ফুটবলপ্রেম নয়, এর পিছনে রয়েছে একটি সামাজিক বার্তাও।

বৃদ্ধদের আশ্রয় গড়তে ১০ কাঠা জমি দান দুর্গাপুরের অবসরপ্রাপ্ত সেনাকর্মীর

দেবাশিসের কথায়, “এখনকার অনেক শিশু মাঠে গিয়ে খেলাধুলা করে না। মোবাইল আর গ্যাজেটের জগতেই বেশি সময় কাটায়। তাদের ফুটবলের প্রতি আগ্রহ বাড়াতে এবং খেলাধুলার গুরুত্ব বোঝাতেই এই মিষ্টির মেসি তৈরি করেছি।”

বিশ্বকাপের আবহে দুর্গাপুরের এই অভিনব উদ্যোগ ইতিমধ্যেই স্থানীয়দের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। ফুটবলপ্রেমীদের কাছে ‘মিষ্টির মেসি’ এখন নতুন আকর্ষণ।