
সব বেআইনি নির্মাণ ভেঙে দেওয়া হবে, হুঁশিয়ারি বিধায়কের
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১ আগস্ট: বেআইনি নির্মাণের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিচ্ছে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর পুরসভা। ১৫ নম্বর ওয়ার্ডের বেনাচিতির এম কে প্লট এলাকার একটি বাড়ির অনুমোদিত নকশার বাইরে নির্মাণ হওয়ায় সংশ্লিষ্ট মালিককে অবৈধ অংশ ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। পুরসভার স্পষ্ট বার্তা, নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশ না মানলে পুরসভাই ওই অংশ ভেঙে দেবে। তবে সেই ক্ষেত্রে সমস্ত খরচ বহন করতে হবে বাড়ির মালিককেই।
পুরসভা সূত্রে জানা গিয়েছে, গোপালপুরের বাসিন্দা শান্তনু মিশ্র বেআইনি নির্মাণের অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে বাড়ির মালিক নৃত্যগোপাল রায় ও মিঠু রায়কে নিয়ে গত ২৪ জুলাই পুরসভায় একটি শুনানির আয়োজন করা হয়। অভিযোগকারী শান্তনু মিশ্রও ওই শুনানিতে উপস্থিত ছিলেন।
শুনানির সময় এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ৫ জুন বিল্ডিং ইন্সপেক্টর ও সার্ভেয়ারের যৌথ পরিদর্শন রিপোর্ট পেশ করেন। ওই রিপোর্টে উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট ভবনে অনুমোদিত বিল্ডিং প্ল্যানের বাইরে অতিরিক্ত নির্মাণ করা হয়েছে।
আরও পড়ুন: সাতসকালে দুর্গাপুরে NIA-এর হানা! নিউ স্টিল পার্ক থেকে গ্রেফতার এক ব্যক্তি
দুর্গাপুর পুরসভায় কাটমানি বিতর্ক! জাঁকিয়ে বসেছে দুর্নীতি চক্র?
দুর্গাপুরে মাত্র ১ টাকায় টিউশন পড়ার সুযোগ!
রিপোর্ট পর্যালোচনার পর পুরসভা ৩০ জুলাই একটি নোটিশ জারি করে। তাতে নির্দেশ দেওয়া হয়েছে, নোটিশ প্রাপ্তির ১৫ দিনের মধ্যে অবৈধ নির্মাণ নিজ দায়িত্বে ভেঙে ফেলতে হবে। তা না হলে পুরসভা আইন অনুযায়ী ব্যবস্থা নিয়ে নিজস্ব উদ্যোগে অবৈধ অংশ ভেঙে দেবে। সেই ক্ষেত্রে ভাঙার পুরো খরচ সংশ্লিষ্ট বাড়ির মালিকের কাছ থেকেই আদায় করা হবে।
শহরে বেআইনি নির্মাণ রুখতে দুর্গাপুর পুরসভার এই পদক্ষেপকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন প্রশাসনিক মহলের একাংশ। পুরসভার এই কড়া অবস্থানের ফলে ভবিষ্যতে অনুমোদিত নকশার বাইরে নির্মাণের প্রবণতায় লাগাম টানা সম্ভব হবে বলেও আশা করা হচ্ছে। দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, “তৃণমূলের আমলে বহু অবৈধ নির্মাণ হয়েছে। সেই সব নির্মাণ এবার ভেঙে ফেলা হবে।” (বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)

