WhatsApp Group Join Now
Instagram Group Join Now

জোর চর্চা শুরু হয়েছে শ্রমিক মহলে

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৪ আগস্ট: পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে ডিপিএলের কোক ওভেন কলোনি এলাকায় ভারতীয় মজদুর সংঘ (বিএমএস)-এর কার্যালয়কে কেন্দ্র করে পোস্টার ঘিরে শুরু হয়েছে জোর চর্চা। সোমবার সকালে কার্যালয়ের সামনে লাগানো একাধিক পোস্টারে সংগঠনের নেতৃত্বের বিরুদ্ধে আর্থিক অনিয়ম, বেআইনি বিদ্যুৎ সংযোগ এবং দুর্নীতির গুরুতর অভিযোগ তোলা হয়েছে। 

পোস্টারে দাবি করা হয়েছে, বিএমএসের সংশ্লিষ্ট শাখা গত তিন বছরেরও বেশি সময় ধরে প্রয়োজনীয় রিটার্ন জমা দেয়নি। সদস্যপদ বাবদ সংগৃহীত অর্থের কোনো স্বচ্ছ হিসাবও সদস্যদের সামনে তুলে ধরা হয়নি বলে অভিযোগ করা হয়েছে। এছাড়াও অভিযোগ করা হয়েছে, সংগঠনের কিছু নেতা নিজেদের স্বার্থেই বেশি ব্যস্ত থাকায় সংগঠনের কার্যকলাপ প্রশ্নের মুখে পড়েছে।

শুধু আর্থিক অনিয়ম নয়, পোস্টারে আরও দাবি করা হয়েছে যে ডিপিএল এলাকায় বিএমএসের অফিসে ব্যবহৃত বিদ্যুৎ সংযোগটি বেআইনি এবং কয়েকজন শাখা নেতা বিদ্যুৎ চুরির সঙ্গেও যুক্ত। এমনকি একটি নির্দিষ্ট মিটার নম্বরও পোস্টারে উল্লেখ করা হয়েছে।

এছাড়াও পোস্টারে ডিপিএলের পিএফ ট্রাস্ট বোর্ড নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। অভিযোগ, এখনও সেখানে তৃণমূলের প্রতিনিধি রয়েছেন এবং তাঁকে সরানো হচ্ছে না। এর জেরে নানা ধরনের অনিয়ম ও অর্থ আদায়ের অভিযোগও উত্থাপন করা হয়েছে। পোস্টারে বিএমএসের পাঁচজন নেতার নাম ও তাঁদের মোবাইল নম্বরও প্রকাশ করা হয়েছে। 

আরও পড়ুন: শ্বাসনালীতে ঢুকে গেল ধারালো যন্ত্রাংশ, অস্ত্রোপচার ছাড়াই রোগীকে সুস্থ করল মিশন হাসপাতাল

দুর্গাপুর পুরসভায় কাটমানি বিতর্ক! জাঁকিয়ে বসেছে দুর্নীতি চক্র?

বেনাচিতিতে বেআইনি নির্মাণে কড়া পুরসভা, ১৫ দিনের মধ্যে ভাঙার নির্দেশ

পোস্টারে আরও একটি রাজনৈতিক অভিযোগ তুলে বলা হয়েছে, ডিপিএলের বি-জোন এলাকায় আইএনটিইউসি নেতা উমাপদ দাসের অফিসে অতীতে আরএসএসের বৈঠক অনুষ্ঠিত হতো। এই বিষয়ে যোগাযোগ করা হলে বিএমএস নেতা নন্দদুলাল চক্রবর্তী জানান, তাঁকে বেআইনিভাবে সাসপেন্ড করে রাখা হয়েছে। তাই এই বিষয়ে তাঁর কোনো মন্তব্য করা সমীচীন হবে না। তিনি বলেন, সংগঠনের পক্ষ থেকে যা বলার, তা সাধারণ সম্পাদক নিমাই কর্মকারই জানাবেন।

অন্যদিকে, বিএমএসের সাধারণ সম্পাদক নিমাই কর্মকার পোস্টারে উত্থাপিত সমস্ত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন। তাঁর বক্তব্য, সংগঠনকে বদনাম করার লক্ষ্যেই এই ধরনের পোস্টার লাগানো হয়েছে। অভিযোগগুলির কোনো বাস্তব ভিত্তি নেই বলেও তিনি দাবি করেন।পোস্টারগুলি কারা লাগিয়েছে, তার পেছনে কারা রয়েছে বা অভিযোগগুলির সত্যতা কতটা—তা এখনও স্পষ্ট নয়। তবে ঘটনার জেরে শ্রমিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। (বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)