
দুর্গাপুর ব্যারাজে ইকো-ট্যুরিজম পার্ক ও জলক্রীড়া কেন্দ্রের উদ্যোগ
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৪ আগস্ট: পশ্চিম বর্ধমান জেলার পর্যটন সম্ভাবনাকে নতুন উচ্চতায় পৌঁছে দিতে বড় পদক্ষেপের পথে রাজ্য সরকার। দুর্গাপুর ব্যারাজকে কেন্দ্র করে একটি আধুনিক ইকো-ট্যুরিজম পার্ক এবং জলক্রীড়া কেন্দ্র (ওয়াটার স্পোর্টস হাব) গড়ে তোলার সম্ভাবনা খতিয়ে দেখতে প্রশাসনিক প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যেই জেলা প্রশাসনের কাছে প্রাথমিক সমীক্ষা ও রিপোর্ট চেয়ে পাঠিয়েছে রাজ্যের পর্যটন দফতর।
পর্যটন দফতরের তরফে ৩ আগস্ট জারি হওয়া একটি সরকারি চিঠিতে জেলাশাসককে নির্দেশ দেওয়া হয়েছে, প্রস্তাবিত প্রকল্পটির পর্যটন সম্ভাবনা, বাস্তবায়নের সুযোগ, অবকাঠামোগত সুবিধা এবং অন্যান্য প্রয়োজনীয় দিকগুলি খতিয়ে দেখে দ্রুত একটি বিস্তারিত রিপোর্ট জমা দিতে। সেই রিপোর্ট ইতিবাচক হলে সরকারি নিয়ম মেনে পূর্ণাঙ্গ ডিটেইলড প্রজেক্ট রিপোর্ট (ডিপিআর) তৈরি করে দফতরে পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছে।
জানা গিয়েছে, দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়-এর উদ্যোগে এই প্রকল্পের প্রস্তাব রাজ্য সরকারের কাছে পৌঁছায়। তাঁর আবেদনের ভিত্তিতেই পর্যটন দফতর বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করে প্রশাসনিক প্রক্রিয়া শুরু করেছে।
প্রস্তাব বাস্তবায়িত হলে দুর্গাপুর ব্যারাজের বিস্তীর্ণ জলাশয় ও প্রাকৃতিক পরিবেশকে কাজে লাগিয়ে গড়ে উঠতে পারে এক আধুনিক পর্যটন কেন্দ্র। সেখানে পর্যটকদের জন্য নৌবিহার, কায়াকিং, প্যাডেল বোট, জেট স্কি-সহ বিভিন্ন ধরনের জলক্রীড়ার ব্যবস্থা করা হতে পারে। পাশাপাশি পরিবেশের ভারসাম্য বজায় রেখে একটি ইকো-ট্যুরিজম পার্ক তৈরি হলে তা শুধু দুর্গাপুর নয়, গোটা পশ্চিম বর্ধমানের পর্যটন মানচিত্রে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: শ্বাসনালীতে ঢুকে গেল ধারালো যন্ত্রাংশ, অস্ত্রোপচার ছাড়াই রোগীকে সুস্থ করল মিশন হাসপাতাল
দুর্গাপুর পুরসভায় কাটমানি বিতর্ক! জাঁকিয়ে বসেছে দুর্নীতি চক্র?
বেনাচিতিতে বেআইনি নির্মাণে কড়া পুরসভা, ১৫ দিনের মধ্যে ভাঙার নির্দেশ
এ প্রসঙ্গে দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরা ইকো-ট্যুরিজম পার্ক তৈরির জন্য রাজ্য সরকারের কাছে আবেদন করেছিলাম। সরকার ইতিবাচক সাড়া দিয়েছে এবং প্রাথমিক রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে একদিকে যেমন স্থানীয় মানুষের কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে, অন্যদিকে দুর্গাপুর ও পার্শ্ববর্তী এলাকার মানুষ একটি আধুনিক পর্যটন কেন্দ্র এবং মনোরম প্রাকৃতিক পরিবেশ উপভোগের সুযোগ পাবেন।”
যদিও এখনও প্রকল্পটি প্রাথমিক পর্যায়ে রয়েছে, তবে সম্ভাব্যতা সমীক্ষা এবং পরবর্তী ডিপিআর অনুমোদিত হলে দুর্গাপুর ব্যারাজকে ঘিরে রাজ্যের অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র গড়ে ওঠার সম্ভাবনা তৈরি হবে। প্রশাসন ও পর্যটন মহলের মতে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে পশ্চিম বর্ধমানে পর্যটনের পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে। (বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)

