WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৭ আগস্ট: রোগী পরিষেবার মানোন্নয়নের লক্ষ্যে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ চন্দ্র ঘোড়ুই শুক্রবার দুর্গাপুর মহকুমা হাসপাতালে ১০টি অত্যাধুনিক টু-ইন-ওয়ান হুইলচেয়ার প্রদান করেন। হাসপাতাল চত্বরে আয়োজিত অনুষ্ঠানে তিনি হাসপাতাল কর্তৃপক্ষের হাতে হুইলচেয়ারগুলি তুলে দেন।

বিধায়ক জানান, নতুন হুইলচেয়ারগুলি বয়স্ক, প্রতিবন্ধী ও গুরুতর অসুস্থ রোগীদের ওয়ার্ড থেকে বিভিন্ন বিভাগ এবং ডায়াগনস্টিক সেন্টারে যাতায়াতে বিশেষ সহায়ক হবে। এতদিন পর্যাপ্ত হুইলচেয়ারের অভাবে রোগী, তাঁদের পরিজন এবং হাসপাতালের কর্মীদের নানা সমস্যার মুখোমুখি হতে হতো। তিনি জানান, প্রতিটি হুইলচেয়ারেই কমোডের সুবিধা রয়েছে।

বিধায়ক বলেন, প্রধানমন্ত্রীর উদ্যোগে কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় আয়োজিত একটি প্রতিবন্ধী সহায়তা শিবিরে হুইলচেয়ার, হিয়ারিং এইড, ক্রাচ, চশমাসহ বিভিন্ন সহায়ক সামগ্রী বিতরণ করা হয়েছিল। সেই কর্মসূচির অবশিষ্ট ১০টি হুইলচেয়ারই হাসপাতালকে দেওয়া হয়েছে।

হাসপাতালের পরিকাঠামো নিয়েও উদ্বেগ প্রকাশ করেন বিধায়ক। তাঁর দাবি, গত ১৫ বছরে হাসপাতালের প্রয়োজনীয় সম্প্রসারণ হয়নি। শুধু বাহ্যিক সৌন্দর্যায়নের দিকে গুরুত্ব দেওয়া হয়েছে, অথচ চিকিৎসা পরিষেবা ও পরিকাঠামো শক্তিশালী করার ক্ষেত্রে ঘাটতি রয়ে গিয়েছে।

আরও পড়ুন: শ্বাসনালীতে ঢুকে গেল ধারালো যন্ত্রাংশ, অস্ত্রোপচার ছাড়াই রোগীকে সুস্থ করল মিশন হাসপাতাল

দুর্গাপুর ব্যারাজ ঘিরে বিরাট পরিকল্পনা রাজ্য সরকারের

তিনি আরও অভিযোগ করেন, প্রথমবার বিধায়ক হওয়ার পর হাসপাতালের জন্য একটি অ্যাম্বুলেন্স, একটি এক্স-রে মেশিন এবং একটি কমন রুম দেওয়ার উদ্যোগ নেওয়া হলেও তৎকালীন হাসপাতাল প্রশাসন ও তৃণমূল কংগ্রেসের বিরোধিতার কারণে তা বাস্তবায়িত হয়নি।

বিধায়কের বক্তব্য, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান ও বাঁকুড়া জেলা থেকেও বহু রোগী দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য আসেন। তাই রোগীর চাপ সামাল দিতে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, ওষুধ এবং অন্যান্য পরিকাঠামো আরও শক্তিশালী করা জরুরি। এ বিষয়ে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর কাছে একটি বিস্তারিত প্রতিবেদন পাঠানো হয়েছে বলেও তিনি জানান। (বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)