
এআই শিক্ষার নতুন দিশা
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৭ আগস্ট: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই আজ আর ভবিষ্যতের প্রযুক্তি নয়, এটি এখন আমাদের দৈনন্দিন জীবনের অংশ। পড়াশোনা, চাকরি, ব্যবসা থেকে শুরু করে নিত্যদিনের ছোট-বড় নানা কাজে এআই-এর ব্যবহার দ্রুত বাড়ছে। তবে এই প্রযুক্তির সুবিধার পাশাপাশি অন্ধ নির্ভরশীলতার ঝুঁকিও ক্রমশ স্পষ্ট হচ্ছে। সেই কারণেই শুধুমাত্র এআই ব্যবহার শেখানো নয়, বরং এআইকে সঠিকভাবে বোঝা, দায়িত্বশীলভাবে কাজে লাগানো এবং প্রয়োজনে নিয়ন্ত্রণ করার শিক্ষা দিতে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে শুরু হয়েছে এক নতুন উদ্যোগ।
AIM Pacifica Intelligence-এর উদ্যোগে চালু হচ্ছে একটি বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি, যেখানে মুখস্থবিদ্যা বা শুধুমাত্র পরীক্ষাভিত্তিক পড়াশোনার পরিবর্তে গুরুত্ব দেওয়া হবে হাতে-কলমে শেখার ওপর। প্রশিক্ষণার্থীরা এআই-এর ইতিহাস, বিকাশ, কাজের পদ্ধতি, বিভিন্ন প্রযুক্তিগত ভিত্তি এবং বাস্তব জীবনে নিরাপদ ও কার্যকর ব্যবহারের কৌশল সম্পর্কে ব্যবহারিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন।
সংস্থার উদ্যোক্তাদের মতে, প্রযুক্তি যতই উন্নত হোক না কেন, তার নিয়ন্ত্রণ মানুষের হাতেই থাকা উচিত। তাঁদের বক্তব্য, যেমন একটি গাড়ি নিজে চলতে পারে না চালকের নিয়ন্ত্রণ ছাড়া, তেমনই ভবিষ্যতের এআই-নির্ভর পৃথিবীতেও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা শেষ পর্যন্ত মানুষের হাতেই থাকা জরুরি। সেই ভাবনা থেকেই এই প্রশিক্ষণ কর্মসূচির পরিকল্পনা।
আরও পড়ুন: শ্বাসনালীতে ঢুকে গেল ধারালো যন্ত্রাংশ, অস্ত্রোপচার ছাড়াই রোগীকে সুস্থ করল মিশন হাসপাতাল
দুর্গাপুর ব্যারাজ ঘিরে বিরাট পরিকল্পনা রাজ্য সরকারের
এই উদ্যোগের সঙ্গে যুক্ত রয়েছেন অভিজ্ঞ প্রযুক্তিবিদদের পাশাপাশি একঝাঁক উদ্যমী তরুণ-তরুণী। তাঁদের লক্ষ্য, নতুন প্রজন্মকে শুধু এআই ব্যবহারকারী হিসেবে নয়, বরং প্রযুক্তিকে বুঝে সৃজনশীল ও দায়িত্বশীলভাবে কাজে লাগাতে সক্ষম দক্ষ মানুষ হিসেবে গড়ে তোলা।
সংস্থার সদস্যদের বিশ্বাস, প্রযুক্তির ওপর অন্ধ নির্ভরশীলতা নয়, সচেতন ব্যবহারই ভবিষ্যতের সাফল্যের চাবিকাঠি। সেই লক্ষ্যকে সামনে রেখেই দুর্গাপুর থেকে শুরু হওয়া এই উদ্যোগ আগামী দিনে এআই শিক্ষার ক্ষেত্রে নতুন দিশা দেখাতে পারে বলে আশাবাদী তাঁরা। (বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)

